নিউজিল্যান্ডের ২৯ খনি শ্রমিকের সবাই নিহত
নিউজিল্যান্ডের খনি দুর্ঘটনার নিখোঁজ ২৯ শ্রমিকের সবাই মারা গেছেন বলে দেশটির পুলিশ ঘোষণা করেছে। খনিটিতে আজ বুধবার দ্বিতীয়বারের মতো বিস্ফোরণের ঘটনা ঘটার পরই কর্তৃপক্ষের কাছ থেকে এ ঘোষণা এল।নিউজিল্যান্ডের পুলিশ সুপার গ্যারি নোয়ালস বলেন, ‘এটা আমাদের বিশ্বাস কেউ বেঁচে নেই। সবাই মারা গেছেন।’গত শুক্রবার নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের গ্রে মাউথ এলাকার পাইক রিভার কয়লা খনিতে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই খনিতে কর্মরত ২৯ শ্রমিক নিখোঁজ হন। নিখোঁজ শ্রমিকদের মধ্যে ২৪ জন নিউজিল্যান্ডের, দুজন অস্ট্রেলিয়ার, দুজন যুক্তরাজ্যের এবং একজন দক্ষিণ আফ্রিকার নাগরিক। নানা চেষ্টা সত্ত্বেও এত দিন ধরে কর্তৃপক্ষ নিখোঁজ শ্রমিকদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে ব্যর্থ হয়। আজ বুধবার বিকেলের দিকে দ্বিতীয়বারের মতো খনিটিতে বিস্ফোরণের ঘটনা ঘটলে কর্তৃপক্ষ নিখোঁজ শ্রমিকদের জীবিত থাকার আশা ছেড়ে দেয়। এর আগে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে খনির অভ্যন্তরে একটি দূরনিয়ন্ত্রিত রোবট পাঠানো হয়েছিল। তবে রোবটটিতে শর্টসার্কিটের ঘটনা ঘটলে তা অচল হয়ে পড়ে। বিবিসি।