নিউমার্কেট থেকে চুরি যাওয়া সোনাসহ গ্রেপ্তার ২
মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর নিউমার্কেট থেকে চুরি যাওয়া ৭০ ভরি সোনার অলংকার ও অলংকার বিক্রির ১৭ লাখ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে । আজ সোমবার ভোরে কামরাঙ্গীরচরের মধ্য রসুলপুর থেকে অলংকারগুলো উদ্ধার এবং ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন হাসি জুয়েলার্সের কর্মী পান্না খান (২৫) ও তাঁর ভায়রা ফজলুল হক (৪৫)। মহানগর ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম আজ এক সংবাদ সম্মেলনে জানান, চুরির পর থেকে পান্নাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গত শনিবার দিনাজপুর থেকে পান্নাকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যমতে, আজ ভোরে কামরাঙ্গীরচরে মধ্য রসুলপুরে তাঁর ভায়রা ফজলুল হকের বাসায় অভিযান চালিয়ে ৭০ ভরি সোনার অলংকার ও নগদ ১৭ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছে, বাকি অলংকার বিক্রি করে দিয়েছেন। অলংকার বিক্রির কিছু টাকা দিয়ে তারা একটি জমি কেনার জন্য অগ্রিম দিয়েছে। উপকমিশনার আরও জানান, চোরাই সোনা কেনা-বেচায় জড়িত চক্রটিকে খোঁজা হচ্ছে।উল্লেখ্য, ২১ আগস্ট রাজধানীর নিউমার্কেটের হাসি জুয়েলার্স থেকে ২৫০ ভরি সোনার অলংকার ও নগদ দুই লাখ টাকা চুরি হয়েছিল।