নিউমুরিং দরপত্রে চক্রান্তের প্রতিবাদে ৮ সেপ্টেম্বর মহিউদ্দিনের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) দরপত্র নিয়ে চক্রান্তের প্রতিবাদে ৮ সেপ্টেম্বর লালদীঘি ময়দানে সমাবেশ ডেকেছেন মহিউদ্দিন চৌধুরী। এ সমাবেশ থেকে বন্দর রক্ষা আন্দোলনের চরম কর্মসূচি ঘোষণা করা হবে। তবে বন্দরের কার্যক্রম বন্ধ করার মতো কোনো কর্মসূচি দেওয়া হবে না।আজ শনিবার চট্টগ্রামের লেডিস ক্লাবে বন্দর রক্ষা পরিষদ আয়োজিত গোলটেবিল বৈঠকে চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী এ কথা বলেন। বৈঠকে বন্দরের সাবেক কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী সংগঠনগুলোর প্রতিনিধি, শ্রমিক-কর্মচারীদের নেতা, স্থানীয় আওয়ামী লীগ ও সমমনা দলগুলোর নেতারা অংশ নেন।এনসিটির দরপত্রে শর্ত সংশোধন করে সাইফ পাওয়ারটেক লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার চক্রান্তের অভিযোগ এনে মহিউদ্দিন চৌধুরী গত মঙ্গলবার আন্দোলনে নামার ঘোষণা দেন। বন্দর রক্ষা পরিষদের ব্যানারে এসব কর্মসূচি পরিচালনা করছেন তিনি। এর আগে গত জুলাই মাসে এনসিটির দরপত্রে অনিয়মের অভিযোগ করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ে চিঠি দিয়েছিলেন তিনি। গত বৃহস্পতিবার ৫৮২ কোটি টাকার এ টার্মিনাল পরিচালনার দরপত্রে পাঁচটি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়।আজকের বৈঠকে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘লালদীঘির সমাবেশের আগে পেশাজীবীদের মতামত নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ পাঠানো হবে। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দিয়ে বন্দর পরিচালনা করুন। যারা বন্দর পরিচালনায় অযোগ্য, প্রয়োজনে তাদের পরিবর্তন করুন।’ সমাবেশে বন্দর ব্যবহারকারী বিজিএমইএর প্রতিনিধি সাজেদুল ইসলাম, বিকেএমইএর প্রতিনিধি শওকত ওসমান, বার্থ অপারেটর অ্যান্ড শিপ হ্যান্ডলিং অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কাজী মাহমুদ ইমাম, বাংলাদেশ মাস্টার স্টিভিডোরস অ্যাসোসিয়েশন (বিএমএসএ) সভাপতি মো. ইব্রাহিম, বন্দর ট্রাক মালিক সমিতির সভাপতি জহুর আহমদ বক্তব্য দেন। বৈঠকে বন্দর ব্যবহারকারীরা অভিমত দেন, বন্দরের কার্যক্রম সচল রেখে নিউমুরিং কনটেইনার টার্মিনালের দরপত্র সংশোধনসহ নানা অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এনসিটির দরপত্রের ১২টি শর্ত পরিবর্তন করায় এই দরপত্রে স্বচ্ছতা নিশ্চিত হয়নি বলেও মনে করেন তাঁরা। দরপত্রে স্বচ্ছতা নিশ্চিত না করায় নৌ মন্ত্রণালয়ের সমালোচনা করেন অনেকে। বন্দর বোর্ডের সাবেক সদস্য (প্রকৌশল) শাফায়াত হোসেন খান বলেন, এনসিটির দরপত্রের সংশোধনী দেখে মনে হচ্ছে, এ ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হয়নি। তবে শুরুতে আন্দোলন না করে সরকারের সর্বোচ্চ পর্যায়ে তা অবহিত করা উচিত। সেখান থেকে ব্যবস্থা নেওয়া না হলে আন্দোলনে যাওয়া যেতে পারে। বন্দরের সাবেক বোর্ড সদস্য মোশাররফ হোসেন বলেন, ১২টি শর্ত শিথিল করা থেকে বোঝা যায়, স্বচ্ছতার ভিত্তিতে কাজ হচ্ছে না।বৈঠকে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, ন্যাপ, বাংলাদেশের সাম্যবাদী দল, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন। বন্দর কর্মচারী পরিষদের সভাপতি মমতাজ উদ্দিন, ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানও বেঠকে অংশ নেন।বৈঠকে বন্দর এলাকার আওয়ামী লীগের সাংসদ এম এ লতিফকে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানান যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ কয়েকটি সংগঠনের নেতারা। নগর যুবলীগের সভাপতি চন্দন ধর, ছাত্রলীগের নেতা মেজবাহ উদ্দিন মোরশেদ সরাসরি তাঁর নাম উল্লেখ করে এ দাবি জানান। এম এ লতিফ নৌমন্ত্রীর পক্ষে অবস্থান নিয়ে গতকাল শুক্রবার চট্টগ্রাম চেম্বারে বন্দর ব্যবহারকারী ফোরামের সভায় মহিউদ্দিন চৌধুরীর কঠোর সমালোচনা করেছিলেন।