নিউমোনিয়ায় এক সপ্তাহে ২৮ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে শিশুদের ব্রংকিউলাইটিস, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গত এক সপ্তাহেই শ্বাসজনিত কারণে মারা গেছে অন্তত ২৮ শিশু। সরেজমিনে দেখা গেছে, শ্বাসজনিত রোগে আক্রান্ত রোগীদের ভিড় এতটাই বেড়েছে যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেঝেতে পর্যন্ত ঠাঁই নেই। চমেক হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগে মোট শয্যা রয়েছে ৬৪টি। গতকাল শনিবার এই হাসপাতালে রোগীর সংখ্যা ২০৫ ছাড়িয়ে যায়, যা শয্যাসংখ্যার তিনগুণ বেশি। এর মধ্যে ১৮০ জনই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছে। রোগীর ভিড় ও সেবিকা-স্বল্পতার কারণে চিকিৎসাব্যবস্থাও নাজুক হয়ে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম মেডিকেলের শিশু ওয়ার্ডের একই শয্যায় দুজন পর্যন্ত শিশু রাখা হয়েছে। এ ছাড়া মেঝেতেও বিছানা পেতে শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কোনো শিশুকে নেবুলাইজ করা হচ্ছে, কোনোটিকে আবার অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। গত শুক্রবার এই হাসপাতালে চারজন শিশু মারা গেছে।ওয়ার্ডের বিভাগীয় প্রধান রেজাউল করিম প্রথম আলোকে বলেন, শিশুরা এখন ফুসফুসে ভাইরাসজনিত প্রদাহে আক্রান্ত হচ্ছে। নবজাতক থেকে এক বছর বয়সের শিশুরা ভাইরাসের কারণে ব্রংকিউলাইটিস, নিউমোনিয়াসহ নানা শ্বাসকষ্টজনিত রোগে ভুগছে। গত এক সপ্তাহে এখানে গড়ে চারজন করে শিশু মারা গেছে। এই মৃত্যুহার অস্বাভাবিক নয়। কারণ, রোগীরা শেষ মুহূর্তে হাসপাতালে আসে।হাসপাতাল সূত্রে জানা গেছে, এক সপ্তাহে চট্টগ্রাম মেডিকেলে ২৮ শিশুর মৃত্যু হয়। এর মধ্যে বৃহস্পতিবার মারা গেছে সবচেয়ে বেশি, ছয়জন। এ ছাড়া গত বুধবার পাঁচ শিশু মারা যায়। গত মঙ্গলবার তিনজন এবং গত শনি, রবি ও সোমবারে আরও ১০ জন মারা যায়।উত্তর চট্টগ্রাম থেকে কন্যাশিশুকে নিয়ে এসেছেন হাসিনা আক্তার। তিনি বলেন, এখানে চিকিৎসক ঠিকভাবে দেখেন না। নার্সদের (সেবিকা) ডাকলেও পাওয়া যায় না।নগরের ষোলশহর থেকে মো. সেলিম নামের এক ব্যক্তি তাঁর মেয়ে ইশরাতকে ভর্তি করিয়েছেন এখানে। তিনি বলেন, এখানে নেবুলাইজ করতেও ৫০ টাকা দিতে হয়।এ প্রসঙ্গে রেজাউল করিম বলেন, ২০০ রোগীর জন্য আমাদের এখানে সেবিকা রয়েছে মাত্র চারজন। তারা কোন দিকে যাবে? শিশু ওয়ার্ডে অন্তত ৩০ জন সেবিকার প্রয়োজন। চেম্বারেও এ ধরনের রোগীর সংখ্যা বেড়েছে উল্লেখ করে চমেক হাসপাতালের সহকারী অধ্যাপক প্রণব কুমার চৌধুরী বলেন, মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে এক বছর বয়সী বা তার নিচের শিশুরা। রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার কারণে শিশুদের এই ভাইরাস তাড়াতাড়ি আক্রমণ করতে পারে। এ ক্ষেত্রে অভিভাবকদের উচিত দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া।এ ছাড়া চিকিৎসকেরা শিশুদের বেশি ঠান্ডা ও বেশি গরম থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন। গরমে ঘেমে গেলে কাপড় ভিজিয়ে তা মুছে দেওয়ার পাশাপাশি অত্যধিক পাখার বাতাস লাগানো থেকে শিশুদের দূরে রাখতে বলেছেন। এদিকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালেও গতকাল ৬০ জন রোগী ভর্তি হয়েছে। তার মধ্যে ৬০ শতাংশই শ্বাসকষ্টজনিত রোগী বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী রেজিস্ট্রার মো. জাহাঙ্গীর।