নিকারাগুয়ায় আগ্নেয়গিরি থেকে ছাইমেঘ
মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ার সর্বোচ্চ আগ্নেয়গিরি সান ক্রিস্টোবাল ভলকানো থেকে ছাই উদগিরণ হচ্ছে। এতে ওই আগ্নেয়গিরির কয়েক শ মিটার ওপরে ঘন ছাইমেঘ তৈরি হয়েছে।এ ঘটনায় অগ্ন্যুত্পাতের আশঙ্কায় ওই আগ্নেয়গিরির আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল রয়টার্সে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।গত মঙ্গলবার বিকালে ওই আগ্নেয়গিরি থেকে নতুন করে ছাই উদগিরণ শুরু হয়। ছাইমেঘের কারণে আগ্নেয়গিরির ওপর আকাশে কালো মেঘের রাশি জমতে দেখা গেছে।নিকারাগুয়া সরকারের মুখপাত্র রোসারিও মুরিলোর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আগ্নেয়গিরিটির ৩ কিলোমিটার এলাকার মধ্যে বসবাসরত নাগরিকদের এলাকা ত্যাগ করে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগাম সতর্কতা হিসেবে এ ব্যবস্থা বলে জানিয়েছেন তিনি। প্রায় ৩০০ পরিবার আগ্নেয়গিরিটির পার্শ্ববর্তী অঞ্চলে বাস করে।সান ক্রিস্টোবাল আগ্নেয়গিরির উচ্চতা পাঁচ হাজার ৭২৫ ফুট। এটি রাজধানী মানাগুয়া থেকে ৮৫ মাইল উত্তরে অবস্থিত। দীর্ঘদিন সুপ্ত থাকলেও কয়েক বছর ধরে আগ্নেয়গিরিটি জেগে উঠেছে। চলতি বছর সেপ্টেম্বরেও আগ্নেয়গিরিটি ছাই উদগিরণ করেছে।এর আগে ২০০৮ সালের মাঝামাঝিতে আগ্নেয়গিরিটি থেকে কয়েক দফায় গ্যাস ও ছোট আকারের অগ্ন্যুত্পাতের ঘটনা ঘটে।