নিকারাগুয়ার স্থানীয় নির্বাচনে স্যান্দিনিস্তাদের জয়
নিকারাগুয়ার ক্ষমতাসীন দল স্যান্দিনিস্তা গত রোববারের স্থানীয় সরকার নির্বাচনে তাত্পর্যপূর্ণ জয়লাভ করেছে। দেশজুড়ে মেয়র নির্বাচনে দলটি ১৫৩টি অঞ্চলের ১৩৪টিতেই জয়লাভ করেছে।সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট দ্যানিয়েল ওর্তেগার দল ৭৫ শতাংশ ভোট পেয়েছে।এই নির্বাচনে বিরোধী দল সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছে। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় উত্সাহব্যঞ্জক প্রতিক্রিয়া দেখিয়েছে। নির্বাচনী ফলাফল ঘোষণার পর সিউদাদ দারিয়ো ও লা পাজ সেন্ত্রোসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। গত সোমবার সরকার সমর্থদের সঙ্গে বিরোধীদের এক রক্তক্ষয়ী সংঘর্ষে এ পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।বিভিন্ন বিরোধী দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় স্যান্দিনিস্তা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (এফএসএলএন) ১৩৪ আসনে জয়লাভ করে। ২০০৮ সালের নির্বাচনে সরকারি দল মাত্র ১০৯টি আসন পেয়েছিল। এ নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে সরকারি দল গত ৪ বছরের মতো রাজধানী মানাগুয়ার নিয়ন্ত্রণ ধরে রাখল।বিরোধী দল বলছে, নির্বাচনের ভোটার তালিকা ছিল অসম্পূর্ণ এবং বিভ্রান্তিকর। অনেক ভোটারই একাধিকবার ভোট দিয়েছে। বিরোধী দল ইন্ডিপেনডেন্ট লিবারেল পার্টির নেতা এবং কংগ্রেস সদস্য এলিসেও নুনেজ বার্তা সংস্থা এপিকে বলেন, ‘আমরা (নির্বাচনে) অংশ নিয়েছি কারণ জনগণের একটি পছন্দ থাকা উচিত। কিন্তু, আমরা জানি নির্বাচনটি ছিল সাজানো এবং নির্বাচন কমিশন তাই করেছে, যেমনটি বলেছেন দ্যানিয়েল ওর্তেগা। লা পাজ সেন্ত্রো শহরের বাসিন্দা ফ্রানসিসকো ব্যারিয়োস রয়টার্সকে বলেন, ‘তারা অসন্তুষ্ট কারণ ওরা (স্যান্দিনিস্তারা) সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করছে।’নির্বাচন কমিশনের কাজ এবং স্যান্দিনিস্তাদের সুবিধা দেওয়ার বিষয় উল্লেখ করে ‘পক্ষপাতিত্বের’ অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র। অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের নির্বাচন পর্যবেক্ষকরা ভোটার তালিকার কিছু সমস্যার কথা উল্লেখ করলেও বলেছেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।’