নিকারাগুয়ায় অগ্ন্যুৎপাতে গৃহহীন ৩ হাজার
নিকারাগুয়ার সান ক্রিস্টোবাল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরুর পর পাহাড়ের পাদদেশ থেকে প্রায় তিন হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত এক খবরে বলা হয়, অগ্ন্যুত্পাতের কারণে বিপুল ছাই ও বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ছে।রাজধানী মানাগুয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত ওই এলাকার জনসাধারণকে সহায়তা করার জন্য সেনা সদস্যদের পাঠানো হয়েছে। তবে এর আগেই সরকার জনসাধারণকে বাড়িঘর ছেড়ে চলে যেতে নির্দেশ দেয়।সরকারি কর্মকর্তারা বলছেন, কয়েকটি বড় বিস্ফোরণের মধ্যদিয়ে গতকাল শনিবার সকালে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়। তবে তাঁরা আশঙ্কা করছেন, এরপর আরও বেশি মাত্রায় ছাই ও বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়বে।সরকারের মুখপাত্র রোজারিও মুরিলো বলেন, এতে কমপক্ষে ২০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে।এক হাজার ৭৪৫ মিটার উঁচু আগ্নেয়গিরিটি নিকারাগুয়ার সবচেয়ে উঁচু পর্বতমালায় অবস্থিত এবং এটি দেশটির প্রশান্ত উপকূলের আগ্নেয়গিরিগুলোর মধ্যে সবচেয়ে জীবন্ত।অগ্ন্যুৎপাত শুরুর পর প্রায় চার কিলোমিটার উঁচু ছাই ও ধোঁয়ার মেঘ তৈরি হয়েছে। নিকারাগুয়ার ইনস্টিটিউট অব টেরিটোরিয়াল স্টাডিজের জেইমে মেজিয়া বলেন, ২০০৮ সালের পর থেকেই ওই আগ্নেয়গিরিটিতে থেমে থেমে অল্প অল্প করে লাভা নির্গত হচ্ছিল। তিনি বলেন, ‘আমরা সব সমস্যার সমাধান দিতে পারব না, তবে লোকদের শান্ত থাকতে বলেছি।’গত সপ্তাহে কোস্টারিকায় জোরালো ভূমিকম্প অনুভূত হওয়ার পর থেকে নিকারাগুয়া সতর্ক অবস্থায় ছিল।