ঢাকার নিকুঞ্জ লেক রক্ষা ও লেকের মধ্যে থাকা স্থাপনা উচ্ছেদের নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন।আদালত আগামী তিন সপ্তাহের মধ্যে পরিবেশসচিব, রাজউক চেয়ারম্যান ও সিভিল এভিয়েশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলেছেন।একই সঙ্গে আদালত জোয়ার সাহারার নিকুঞ্জ আবাসিক এলাকায় মাটি ভরাট, নির্মাণকাজ ও দখল রোধে তিন মাসের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আদালত।নিকুঞ্জ আবাসিক এলাকায় দখল ও ভরাট বন্ধে নিকুঞ্জ আবাসিক এলাকা কল্যাণ সমিতির পক্ষে জনস্বার্থে গোলাম হায়দার আজ একটি রিট আবেদন করেন।রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরশেদ এবং রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম শুনানিতে অংশ নেন।