নিকুঞ্জে পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ যুবক নিহত
রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এলাকায় আজ সোমবার বিকেলে পুলিশের গুলিতে এরিস্টটল আমিন ওরফে জিকু নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশ দাবি করেছে, এরিস্টটল একজন মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী। পুলিশের সঙ্গে গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন।খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, আজ বিকেল পাঁচটার দিকে নিকুঞ্জ-২ এলাকায় একটি গাড়িতে কয়েকজন সন্ত্রাসী ঘোরাঘুরি করছে বলে খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল নিকুঞ্জ এলাকায় গিয়ে গাড়িটিকে দেখতে পেয়ে থামানোর চেষ্টা করে। এ সময় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিককে ধাক্কা দিয়ে পুলিশের দিকে গুলি ছুঁড়তে ছুঁড়তে দ্রুতবেগে গাড়িটি পালানোর চেষ্টা করে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। পরে পুলিশ ধাওয়া করে বিমানবন্দর গোলচত্বর থেকে দেড়শ গজ দক্ষিণে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি পায়। ওই গাড়ির ভেতরে এরিস্টটলের লাশ পড়ে ছিল।ওসি শামীম জানান, গাড়িতে থাকা অন্য তিন আরোহী পালিয়ে গেছেন। গাড়িটি তল্লাশি করে একটি রিভলভার, সাত বোতল ফেনসিডিল, তিন পুরিয়া হেরোইন এবং হেরোইন বানানোর সরঞ্জাম পাওয়া যায়।পুলিশ আরও জানায়, এরিস্টটল বনানীর ডিওএইচএসে ভাড়া বাসায় থাকতেন। তিনি বিশেষ কিছু করতেন না। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।