নিকোবর থেকে ৯১ বাংলাদেশি উদ্ধার
আন্দামান ও নিকোবর দ্বীপের কার নিকোবার এলাকা থেকে ৯১ বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারতীয় পুলিশ।আজ মঙ্গলবার ভারতের বিভিন্ন গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে। অবৈধভাবে তাঁরা মালয়েশিয়ার যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।ভারতীয় বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়াকে (ইউএনআই) দেওয়া এক সাক্ষাত্কারে ওই অঞ্চলের পুলিশের উপপ্রধান জর্জি লালু বলেছেন, শনিবার সন্ধ্যায় কার নিকোবারের তামালো গ্রাম থেকে ৮৭ জনকে এবং রোববার সকালে আরও চারজনকে উদ্ধার করা হয়। তাঁরা বেশির ভাগই কয়েক দিন ধরে না খেয়ে অসুস্থ হয়ে পড়েন। খাবারের সন্ধানেই তাঁরা সাঁতরে এই গ্রামে এসেছিলেন। তাঁদের মধ্যে ২৫ জনকে বিশপ জন রিচার্ডসন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তাঁরা সুস্থ।ওই পুলিশ কর্মকর্তা বলেন, উদ্ধার হওয়া বাংলাদেশিদের সঙ্গে কথা বলে তাঁরা জানতে পেরেছেন, মালয়েশিয়া যাওয়ার জন্য তাঁদের কাছ থেকে দালালেরা অনেক টাকা নেন। গত ২ জানুয়ারি তাঁরা বাংলাদেশ থেকে নৌপথে যাত্রা শুরু করে। কিন্তু থাইল্যান্ডের নৌবাহিনীর টহলের কারণে তাঁদের যাত্রা বাধাগ্রস্ত হয়।একজন বাংলাদেশি ইউএনআইকে বলেছেন, সাত-আট দিন তাঁদের একটি অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছিল। এরপর খুব কম খাবার দিয়ে তাঁদের ইঞ্জিন ছাড়া একটি নৌকায় উঠিয়ে দেওয়া হয়।এর আগে ২০০৮ সালের ডিসেম্বর মাসে আন্দামান সাগর থেকে পুলিশ ৩০০ বাংলাদেশিকে উদ্ধার করেছিল ভারতীয় পুলিশ।