নিকোবর দ্বীপপুঞ্জের কাছে সাগরতলে শক্তিশালী ভূকম্পন
ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে গতকাল শনিবার গভীর রাতে শক্তিশালী ভূমিকম্প ধাক্কা দিয়েছে। ভারত মহাসাগরের তলদেশে সৃষ্ট এই কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৭.৫। কম্পনের পরপরই ওই এলাকায় সুনামির সতর্কতা জারি করা হলেও আজ রোববার সকালে তা প্রত্যাহার করে নেওয়া হয়।গতকাল গভীর রাতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া দপ্তরের কর্মকর্তা জানান, ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৭৯৫ কিলোমিটার দূরে। আর এই ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪। ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, কম্পনের উত্পত্তিস্থল ছিল নিকোবর দ্বীপ থেকে ১৫৫ কিলোমিটার পশ্চিমে মিশায় এবং ৩৪ কিলোমিটার গভীরে। কম্পনের সঙ্গে সঙ্গে হাওয়াইয়ের সুনামির সতর্কতা কেন্দ্র থেকে ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডসহ ভারত মহাসাগর এলাকায় সুনামির সতর্কতা জারি করে। পরে তা প্রত্যাহার করা হয়। ভারতের হায়দরাবাদে আবহাওয়া দপ্তরের কর্মকর্তা শ্রীনিবাস কুমার বলেন, সাগরে পানির তলের বিশেষ কোনো পরিবর্তন হয়নি, তাই তাঁরা সুনামি সতর্কতা জারি করেননি।তবে এই কম্পনে আন্দামানের অধিবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে। রাজধানী পোর্টব্লেয়ারের বাসিন্দা রবিন বিশ্বাস জানান, কম্পনের সঙ্গে বিদ্যুত্ চলে যায়। পুরো শহর অন্ধকারে ঢাকা পড়ে। আতঙ্কিত লোকজন বাড়ির বাইরে নেমে আসে।