নিক্সন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু নির্মাণে পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্তের অংশ হিসেবে জাতীয় সংসদের হুইপ নূর আলম চৌধুরীর ভাই নিক্সন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় নিক্সন চৌধুরী দুদকের কার্যালয়ে যান। এরপর ১০টা ১০ মিনিটে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন দুদকের সিনিয়র উপপরিচালক মীর জয়নুল আবেদিন শিবলি ও উপপরিচালক মির্জা জাহিদুল আলম। এরপর বেলা ১১টা ২০ মিনিটে তিনি বেরিয়ে যান। দুদক কার্যালয়ের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের এড়াতে নিক্সন দ্রুত তাঁর গাড়িতে করে চলে যান। তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ১০ কার্যদিবসের মধ্যে সাবেক যোগাযোগমন্ত্রী এবং বর্তমানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করবে দুদক।এ ছাড়া সেতু ভবন কর্তৃপক্ষের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি জিয়াউল হককেও জিজ্ঞাসাবাদ করতে তাঁদের ঠিকানায় গতকাল সোমবার দুদক থেকে নোটিশ পাঠানো হয়েছে।জিজ্ঞাসাবাদের তালিকায় দেশের বিশিষ্ট কিছু ব্যক্তিত্ব রয়েছেন জানিয়ে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, তদন্তে যাঁদের নাম বেরিয়ে আসবে, তাঁদের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে। তিনি জানান, পদ্মা সেতুর জন্য ঠিকাদার নিয়োগে দুর্নীতির তথ্য না পাওয়ার বিষয়টি পরামর্শক নিয়োগে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত নয়। দুটি ঘটনার বিষয়ে দুদকের দুজন কর্মকর্তা পৃথক তদন্ত করেছেন। এর মধ্যে এই তালিকায় থাকা সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুদক সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে এসএনসি লাভালিনের সঙ্গে যুক্ত অনেক ‘হাইপ্রোফাইল’ ব্যক্তির নামও পেয়েছে দুদক।