নিখোঁজ ছাত্রলীগ নেতা পাঁচ মাস পর উদ্ধার
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শেষ বর্ষের ছাত্র ও বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ঢাকা থেকে নিখোঁজ হওয়ার পাঁচ মাস পর উদ্ধার হয়েছেন। গতকাল মঙ্গলবার রাজবাড়ির গোয়ালন্দ থেকে সাইফুল ইসলামকে উদ্ধার করা হয়। তিনি এখন নিজ বাড়িতেই আছেন।বিশ্ববিদ্যালয় ও সাইফুলের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে রাজবাড়ির গোয়ালন্দ ঘাট থেকে এক ব্যক্তির মাধ্যমে সাইফুলের খোঁজ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে কুষ্টিয়া সদর থানার বংশীতলা গ্রামের নিজ বাড়িতে নিয়ে আসেন। সাইফুলের বড় ভাই সাদ আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘সাইফুল জানিয়েছে, দীর্ঘদিন তাকে আটকে রাখা হয়েছিল। শুধু খাবার দেওয়ার সময় হাত ও চোখের বাঁধন খুলে দেওয়া হতো। সে কাউকে চিনতে পারেনি। গতকাল সে হঠাত্ বুঝতে পারে, তাঁকে কোনো গাড়িতে করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। অনেক দূর এসে গাড়ি থামার পর গাড়িতে কেউ নেই বুঝতে পেরে সে সেখান থেকে পালিয়ে আসে। পরে রাত আড়াইটার দিকে রাজবাড়ি জেলার গোয়ালন্দ ঘাট থেকে খুব্বত শেখ নামের এক মাইক্রোচালক মুঠোফোনে সাইফুলের খোঁজ দেন। পরে তাকে উদ্ধার করে আনা হয়। সাইফুল এখন বাড়িতেই আছে, তবে কারও সঙ্গে কথা বলতে চাচ্ছে না।’মাইক্রোবাসের চালক খুব্বত শেখের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘গতকাল রাত দুইটা ১০ মিনিটে কুষ্টিয়া থেকে ফেরার পথে গোয়ালন্দ ঘাটের রাস্তায় সাইফুলকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাঁকে একটু সুস্থ করে বাড়ির মোবাইল নম্বর নিয়ে যোগাযোগ করি।’ কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন জানান, ‘ঘটনা শুনে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তাঁর পরিবারের কাছে পুলিশ পাঠানো হয়েছিল। তিনি অসুস্থ থাকার কারণে এ ব্যাপারে আমরা তাঁকে আপাতত কোনো জিজ্ঞাসাবাদ করিনি। যেহেতু শেরেবাংলা থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। ওই থানা আপাতত বিষয়টি দেখছে।’ গত ২১ জানুয়ারি রাতে সাংগঠনিক কাজে সাইফুল ইসলাম ক্যাম্পাস থেকে ঢাকায় যান। এ সময় তাঁর সঙ্গে বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হালিম এবং ছাত্রলীগের নেতা মিজানুর রহমান মিজু ছিলেন। গত ২২ জানুয়ারি রাত সাড়ে নয়টার দিকে তিনি ধানমন্ডি হয়ে ফার্মগেটে যান। ফার্মগেট থেকে কাজীপাড়ার দিকে রওনা হওয়ার পর থেকে সাইফুলের ব্যক্তিগত মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এরপর পরিবার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অনেক খোঁজাখুঁজির পরও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে ঘটনার দিন ছাত্রলীগের পক্ষ থেকে শেরেবাংলা নগর থানা ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় দুটি সাধারণ ডায়েরি করা হয়।