সিরাজগঞ্জে যমুনা নদীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিখোঁজ পাইলট কামরুল হাসানের (২৫) মৃতদেহ গতকাল রোববার সকালে নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বিমানটির অবস্থান নিশ্চিত করতে না পারায় গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়।গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বেসরকারি সংস্থা বাংলাদেশ ফ্লাইং ক্লাবের সেসনা-১৫২ মডেলের একটি প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে গাছে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়ে যমুনা নদীতে আছড়ে পড়ে। এ ঘটনায় শনিবারই বিমানের দুই পাইলটের একজন সামসুদ্দিনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তবে অন্য পাইলট কামরুল নিখোঁজ ছিলেন।উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, সকাল সাড়ে সাতটার দিকে ডুবুরি দল নদী থেকে নিখোঁজ পাইলটের মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটি নদীর তলদেশে বালুতে আটকে ছিল। বিমানটি ভেঙে কয়েক খণ্ড হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। মৃতদেহ উদ্ধারের পর নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করলেও বিমানের অংশগুলোর অবস্থান সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হতে পারেনি। তিনি আরও বলেন, দুপুরের দিকে একপর্যায়ে বিমানটির অবস্থান সম্পর্কে কিছুটা নিশ্চিত হওয়া গেলেও পরে সে স্থানে সেটি আর পাওয়া যায়নি। বহু খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়।উদ্ধারের পর কামরুল হাসানের মামা মোতাহার হোসেনের কাছে বেলা সোয়া ১১টার সময় মৃতদেহ হস্তান্তর করা হয়। মোতাহার হোসেন সাংবাদিকদের বলেন, ‘কামরুল সাঁতার জানত না। যদি সাঁতার জানত তাহলে হয়তো সে আত্মরক্ষা করতে পারত।’ তাঁর মৃতদেহ গতকালই ঢাকায় আনা হয়েছে।সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জানান, ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ গ্রহণ করার জন্য কামরুল হাসানের আত্মীয়স্বজন আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে মৃতদেহ তাঁদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। যেহেতু আর কোনো মৃতদেহ নেই, সে কারণে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।বাংলাদেশ ফ্লাইং একাডেমির নির্বাহী সদস্য মো. মুনতাসির আহমেদ বলেন, ‘কামরুলের মৃতদেহ উদ্ধারের পর আমরা চলে এসেছি। পরীক্ষা-নিরীক্ষার জন্য বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা দরকার ছিল। বিমানের ব্ল্যাকবক্সটি পরীক্ষা করলে দুর্ঘটনার কারণ সম্পর্কে ধারণা পাওয়া যেত।’