নিখোঁজদের গুম করার কথা স্বীকার করল আইএসআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সুপ্রিম কোর্ট সে দেশের ক্ষমতাধর সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স বা আইএসআইকে তাদের হেফাজতে থাকা সাত ব্যক্তিকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। আজ শুক্রবার এ আদেশ দিয়ে সুপ্রিম কোর্ট সে দিন সন্ধ্যার মধ্যেই নিখোঁজ বলে দাবি করা ওই ব্যক্তিদের হাজির অথবা আইনি ব্যবস্থার মুখোমুখি হতে আইএসআইকে সতর্ক করে দেয়।আইএসআইয়ের বিরুদ্ধে ১১ ব্যক্তিকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই ব্যক্তিদের পরিবার সুপ্রিম কোর্টে মামলা করেছিল। তাঁদের ২০১০ সালের মে মাসে রাওয়ালপিন্ডির সুরক্ষিত আদিয়ালা কারাগার থেকে অপহরণ করা হয়। তাঁদের মধ্যে চারজনের গত কয়েক মাসে পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, খুবই খারাপ অবস্থায় তাঁদের সেখানে নেওয়া হয়েছিল। সেখানে বর্তমানে আরও চারজন চিকিত্সাধীন। তাঁদেরও খুব শোচনীয় অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।গতকাল শুক্রবার অনুষ্ঠিত শুনানির সময় ‘সব নিখোঁজ ব্যক্তি’কে অবিলম্বে আদালতে হাজির করার জন্য আইএসআইকে নির্দেশ দেন আদালত। ধারণা করা হচ্ছে, নিখোঁজ ব্যক্তিদের ধরে নেওয়ার পর বেআইনিভাবে আটক রাখা হয়েছে। নিরাপত্তা বাহিনী তাঁদের সন্দেহভাজন সন্ত্রাসী হিসেবে আটক করেছে বলে মনে করা হচ্ছে। যদিও তাঁদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ করা হয়নি।আইএসআইয়ের আইনজীবী রাজা ইরশাদ আদলতকে বলেন, আটক ব্যক্তিদের আদালতে হাজির করা যাবে না। কেননা, তাঁদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা ভালো নয়। তবে তাঁর এ যুক্তি প্রত্যাখ্যান করে আদালত বলেন, আটক ব্যক্তিদের হাজির করতেই হবে। কেননা, তাঁদের অসুস্থতা নিয়ে পরিবারের সমস্যা নেই। স্বজনেরা আদালতে হাজির হলেই তাঁরা খুশি। বন্দীদের শারীরিক অবস্থা নিয়ে আইএসআইয়ের যুক্তি প্রসঙ্গে অনেকে বলেছেন, তারা যে লোকজনের ওপর নির্যাতন চালায়, এ বক্তব্য তারই প্রমাণ।পাকিস্তানে অপহরণ-নিখোঁজের ঘটনা নিয়ে সোচ্চার মানবাধিকার সংগঠন ডিফেন্স অব হিউম্যান রাইটসের চেয়ারপারসন আমিনা জানজুয়া বলেন, ‘এটি একটি ঐতিহাসিক মামলা। এই প্রথম আইএসআই স্বীকার করল যে তারা কাউকে আটক রেখেছে।’এ মামলাটি পাকিস্তানের সুপ্রিম কোর্টের জন্য একটি পরীক্ষা হিসেবেও দেখা হবে। দেশটির সর্বোচ্চ আদালত বর্তমানে সরকারের বিরুদ্ধে এক আইনি লড়াইয়ে লিপ্ত। ‘মেমোগেট’ কেলেঙ্কারি নিয়ে সরকারের ওপর ক্ষুব্ধ প্রভাবশালী সেনাবাহিনী দৃশ্যত এ থেকে ফায়দা পাচ্ছে। দ্য গার্ডিয়ান ও ডন অনলাইন।