বিরোধী দলসহ রাজনৈতিক নেতা-কর্মী নিখোঁজের ঘটনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে বাংলাদেশ সরকারের উচিত অবিলম্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়া। হিউম্যান রাইটস ওয়াচ আজ শুক্রবার এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে। সংস্থাটির ওয়েবসাইটে এ বিবৃতি প্রকাশ করা হয়েছে।বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াস আলী ১৭ এপ্রিল নিখোঁজ হওয়ার পর সংগঠনটি এ বিবৃতি দিল।ইলিয়াস আলীসহ বিরোধীদলীয় নেতা-কর্মীদের নিখোঁজের ঘটনায় সংস্থাটি উদ্বেগ প্রকাশ করেছে। এ ছাড়া ৪ এপ্রিল অপহরণের পর শ্রমিকনেতা আমিনুল ইসলামের লাশ পাওয়ার ঘটনায়ও সংস্থাটি সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে।হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্যের বরাত দিয়ে বলেছে, চলতি বছর এ পর্যন্ত কমপক্ষে ২২ ব্যক্তি নিখোঁজ হয়েছে। বাংলাদেশের আরেকটি মানবাধিকার সংগঠন অধিকারের বরাত দিয়ে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ২০১০ সাল থেকে এ পর্যন্ত ৫০ জনেরও বেশি লোক নিখোঁজ হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামস বলেন, নিখোঁজের ঘটনা, বিশেষ করে বিরোধীদলীয় নেতা-কর্মীদের নিখোঁজ হওয়ার ঘটনা বিশ্বাসযোগ্য ও স্বাধীন তদন্তের দাবি রাখে। সরকার এ ধরনের নিখোঁজের ঘটনা তদন্তে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলেও তিনি মন্তব্য করেন।বিবৃতিতে বলা হয়, ১৭ এপ্রিল রাতে রাজধানী ঢাকার বনানীর রাস্তা থেকে ইলিয়াস আলী ও তাঁর গাড়ির চালক আনসার আলী নিখোঁজ হন। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা তাঁদের গাড়িটির সব দরজা খোলা ছিল এবং গাড়িতে মোবাইল ফোনও ছিল।হিউম্যান রাইটস ওয়াচ তাদের বিবৃতিতে বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিয়াস আলীকে খুঁজে বের করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। তবে একই সঙ্গে বলেছেন, দলের নির্দেশে ইলিয়াস আলী ও তাঁর গাড়ির চালক লুকিয়ে আছেন।