নিখোঁজের তিন মাস পর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার তিন মাসেরও বেশি সময় পর আজ রোববার বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মোহাম্মদ কাউসার (১৬)। রাজধানীর কামরাঙ্গীর চরের জাউলাকাঠি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।ঘটনার সত্যতা স্বীকার করে কামরাঙ্গীর চর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসিরুল্লাহ প্রথম আলো ডটকমকে বলেন, কাউসারকে অপহরণের অভিযোগে করা মামলায় গতকাল শনিবার রাতে পুলিশ মো. জামির নামে একজনকে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ আজ কাউসারের লাশ উদ্ধার করে। পরীক্ষা-নিরীক্ষার জন্য লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।ওসি জানান, গত ১৬ মে কামরাঙ্গীর চর এলাকার মোহাম্মদ ইব্রাহিমের বুদ্ধিপ্রতিবন্ধী ছেলে কাউসার নিখোঁজ হয়। তখন পরিবারের লোকজন ভেবেছিল, কাউসার কোথাও চলে গেছে। কিন্তু পরে তার মুক্তিপণ দাবি করে ফোন আসতে থাকে। এ ব্যাপারে কাউসারের পরিবারের পক্ষ থেকে গত ২৬ মে অপহরণের অভিযোগে কামরাঙ্গীর চর থানায় মামলা করা হয়। ওই মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হলেও মূল হোতাকে পুলিশ তখন গ্রেপ্তার করতে পারেনি। মামলার তদন্তের বিষয়টি পরে পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়।গ্রেপ্তার হওয়া জামির কিশোর কাউসারকে হত্যার কথা স্বীকার করেছেন বলে ওসি জানিয়েছেন। তাঁর বরাত দিয়ে ওসি জানান, তাঁদের চিনে ফেলতে পারে—এই আশঙ্কায় গত ১৮ মে তাঁরা কাউসারকে হত্যা করে জাউলাকাঠিতে পুঁতে ফেলেন।