নিখোঁজের দুই দিন পর জোড়া লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পেছনের পিকআপ স্ট্যান্ড। সেখানে দুটি লাশ পড়ে আছে। দুজনেরই গলায় আঘাতের চিহ্ন। দুজনের শরীরই ছিল বরফের মতো ঠান্ডা। খবর পেয়ে শুক্রবার গভীর রাতে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, দুজনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠালে টেলিভিশনে খবর রটে। স্বজনেরা এসে একজনকে মিজানুর রহমান (৩২) এবং আরেকজনকে আলী আকবর বিহারি (৪০) নামে শনাক্ত করেন। তবে দুই পরিবারের কেউ কাউকে চেনেন না। তবে দুই পরিবারই বলেছে, গত বুধবার তাঁরা নিখোঁজ হয়েছেন। দুজনেরই নিখোঁজস্থল মিরপুরের দারুস সালাম থানা এলাকা। পুলিশ জানিয়েছে, নিহত মিজান তেজগাঁও থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। কারওয়ান বাজারে তাঁর কাঁচামালের আড়ত আছে। তিনি ওয়াসার ঠিকাদারও। মিজান চার মাস আগে বিয়ে করেন। গত মাস থেকে তিনি মিরপুর আনসার ক্যাম্পের পাশে শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। আলী আকবর পল্লবীতে বেনারসি পল্লিতে শাড়ির কারচুপির কারিগর। তাঁর বাসা গাবতলীর হরিরামপুরে। তিনি তিন সন্তানের জনক।তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রথম আলোকে জানান, শুক্রবার গভীর রাতে থানার সাতরাস্তার মোড়সংলগ্ন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পেছনে পিকআপ স্ট্যান্ডের লোকজন থানায় ফোন করে দুটি লাশ পড়ে থাকার কথা জানান। রাত তিনটার দিকে পুলিশ দুটি পিকআপের মাঝখান থেকে লাশ দুটি উদ্ধার করে। তাঁদের গলায় আঘাতের চিহ্ন ছিল। হাতে বাঁধার দাগ ছিল। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। গতকাল দুপুরে স্বজনেরা লাশ শনাক্ত করেন।তেজগাঁও বিভাগের পুলিশের উপকমিশনার ইমাম হোসেন প্রথম আলোকে বলেন, লাশ দুটি বরফের মতো ঠান্ডা ছিল। তাঁদের পরিবার একে অপরকে চেনেন না। মিজান: মর্গে মিজানের বড় ভাই আবদুল মোতালিব প্রথম আলোকে বলেন, মিজান ভাইদের সঙ্গে তেজগাঁওয়ের ৬৬ পূর্ব তেজতুরী বাজারে থাকলেও গত ১ জুন তিনি মিরপুর ১ নম্বরের পাইকপাড়া আনসার ক্যাম্পের শ্বশুরের বাসায় ওঠেন। তাঁর স্ত্রীর নাম আফরোজা আক্তার। আবদুল মোতালিব জানান, গত বুধবার সকাল সাড়ে ১০টায় শ্বশুরের বাসা থেকে মোটরসাইকেলে বেরিয়ে যাওয়ার পর তিনি আর ফিরে আসেননি। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। ওই দিন রাতে তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।গতকাল দুপুরে পূর্ব তেজতুরী বাজারের বাসায় গিয়ে দেখা যায়, মিজানের স্ত্রী বিলাপ করছেন। তিনি বলেন, বুধবার বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর বেলা দেড়টার দিকে তিনি মুঠোফোনে যোগাযোগ করলে মিজান বলেন, ‘আমি মোটরসাইকেলে আছি। পরে কথা বলব।’ এর এক ঘণ্টা পর আবার যোগাযোগ করলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। মিজানের ভাতিজা ইয়াসিন জানান, তাঁর চাচা ওয়াসার ঠিকাদারি করতেন। কয়েক মাস আগে দরপত্র কেনা নিয়ে লিটন নামের এক যুবকের সঙ্গে তাঁর চাচার কথা-কাটাকাটি হয়েছিল বলে জানেন তিনি।মিজানের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে। তাঁর বাবার নাম সিরাজুল হক। আলী আকবর: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আলী আকবরের স্ত্রী নাসরিন বেগম বলেন, তাঁরা মিরপুর ১১ নম্বর সেকশনের বিহারি ক্যাম্পের স্থায়ী বাসিন্দা হলেও বাসা ভাড়া নিয়ে গাবতলীর হরিরামপুরে থাকেন। তাঁর স্বামী পল্লবীতে শাড়ির কারচুপির কারিগর ছিলেন। গত বুধবার তাঁর স্বামী বিকেলে বাজার করার জন্য ব্যাগ, একটি ছাতা ও ৫০০ টাকা নিয়ে বের হন, পরে আর বাসায় ফিরে আসেননি। তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। আলী আকবর দুই ছেলে ও এক মেয়ের জনক। বড় ছেলে আরমান হোসেন (তিনিও কারচুপির কাজ করেন) জানান, গতকাল সকালে তাঁর বাবার মুঠোফোনে যোগাযোগ করলে অপর প্রান্ত থেকে এক নারী বলেন, ‘আমি মোবাইল ফোনটি তেজগাঁও থেকে কুড়িয়ে পেয়েছি। এখন আমি চাঁদপুরে আছি। তিনিই জানান, পুলিশ দুটি লাশ উদ্ধার করেছে। মর্গে আছে। তোমার বাবা থাকতে পারে।’ এরপর ওই নারী মুঠোফোনটি বন্ধ করে দেন বলে জানান আরমান। দুই পরিবারের কেউই হত্যার কারণ সম্পর্কে কিছু জানেন না বলে জানান। মিজানের ভাই বলেছেন, তাঁরা আকবরকে চেনেন না। আকবরের স্ত্রী বলেছেন, তাঁরা মিজানকে চেনেন না। তবে তেজগাঁও বিভাগের পুলিশের উপকমিশনার ইমাম হোসেন মনে করেন, এ জোড়া খুনের যোগসূত্র থাকতে পারে। সেটাই খুঁজছে পুলিশ।শিল্পাঞ্চল থানার ওসি জানান, জোড়া খুনের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি।