নিখোঁজের ৪ দিন পর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নিখোঁজ হওয়ার চার দিন পর ফিরোজ হোসেন (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের দাড়পাড়া মাঠের একটি পাটখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।দৌলতপুর থানা-পুলিশ ও ফিরোজের পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে ফিরোজ একই উপজেলার কিশোরীনগর গ্রামে শ্বশুরবাড়ি যান। সেখানে তাঁর স্ত্রীর সঙ্গে মনোমালিন্য করে নিজ বাড়ি নজিবপুর গ্রামে ফিরছিলেন। এ সময় সে মুঠোফোনে বাবাকে জানান শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তাঁর ঝগড়া হয়েছে। এ জীবন রাখবে না জানিয়ে ফিরোজ তাঁর বোনকেও ফোন করে বলেন, সে যেন তাঁর (ফিরোজের) এক মাসের মেয়েটিকে দেখে রাখে। এরপর মোবাইল ফোনটি বন্ধ করে দেন। সেই থেকে তিনি নিখোঁজ হন। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে সন্ধান করে তাঁকে না পেয়ে গত রোববার সকালে ফিরোজের বাবা দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ সকালে এলাকাবাসী পাটখেতের ভেতর একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম প্রথম আলোকে বলেন, লাশের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি বিষপানে আত্মহত্যা করেছেন। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।