নিচু জমি ভরাটকারীদের বিরুদ্ধে মামলা হচ্ছে: পূর্ত প্রতিমন্ত্রী
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেছেন, কতিপয় ব্যক্তি ও বেসরকারি উদ্যোক্তা ঢাকা শহরের চারপাশে বিভিন্ন নিচু জমি নামে-বেনামে ভরাট করছে। যেসব ব্যক্তি ও উদ্যোক্তা ভরাট কাজ করছে, তাদের বিরুদ্ধে প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ২০০০-এর আওতায় মামলা করা হচ্ছে। আজ বুধবার জাতীয় সংসদে সাংসদ এ কে এম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।জাতীয় পার্টির সাংসদ এ কে এম মাইদুল ইসলামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ঢাকার বিমানবন্দর এলাকায় বিমান উড্ডয়ন ও অবতরণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ভবনগুলো যাচাইয়ের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কমিটি গঠন করেছে। এ কমিটির সিদ্ধান্তের আলোকে রাজউক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।সাংসদ মনিরুল ইসলামের প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী জানান, এ সরকারের সময় রাজউকে মোট ১৩টি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রাজস্ব খাতের তিনজন এবং উন্নয়ন খাতের তিনজনকে বরখাস্ত করা হয়েছে।