নিজ এলাকাতেই আছেন কয়েক জেলার হেফাজতকর্মীরা
ঢাকায় লংমার্চে যাওয়ার জন্য বাস না পেয়ে হেফাজতে ইসলামের কর্মীরা নিজ এলাকায় অবস্থান করছেন। পরিবহন না থাকায় রাজশাহী, নোয়াখালী, সিরাজগঞ্জ, খুলনা, সিলেট, সাতক্ষীরা থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা ঢাকার দিকে লংমার্চের জন্য রওনা হননি। তাঁরা পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন। নিজ জেলাতেও তাঁদের তেমন কোনো তত্পরতা নেই। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহীতে নির্ধারিত সমাবেশ হয়নিরাজশাহী থেকে হেফাজতে ইসলামের পাঁচ হাজার নেতাকর্মীর ঢাকায় লংমার্চে যাওয়ার জন্য ৫০টি গাড়ি ভাড়া করার কথা ছিল। গাড়ি না পেয়ে আজ শুক্রবার আসরের নামাজের পর নগরের মালোপাড়া এলাকায় রাজশাহী দারুল উলুম মাদ্রাসার সামনে তাঁদের জমায়েত হওয়ার কথা ছিল। ওই সময় সেখানে তাঁদের নির্ধারিত জমায়েত হয়নি। সংগঠনটির রাজশাহী বিভাগীয় সভাপতি মাওলানা আবদুস সামাদ আগেই ঢাকায় চলে গেছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি দলের প্রায় ১০০ নেতাকর্মী নিয়ে আগেই ঢাকায় চলে এসেছেন। তাঁদের পাঁচ হাজার লোকের ঢাকায় যাওয়ার কথা ছিল। এ জন্য ৫০টি গাড়ি ভাড়া করার কথা ছিল। গাড়ি না পেয়ে যাঁরা রাজশাহীতে থেকে গেছেন, তাঁরা আসরের নামাজের পর জমায়েত করে পরবর্তী কর্মপরিকল্পনা ঠিক করবেন। কিন্তু আসরের নামাজের পর সেখানে তাঁদের কোনো জমায়েত অনুষ্ঠিত হয়নি। পরে আবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অনেকেই চলে এসেছে তো। তার পরও আমি দেখছি। মাদ্রাসায় শহীদুল হজুর আছেন। তাঁর সঙ্গে কথা বলেন।’ মাদ্রাসায় গিয়ে শহীদুলকে পাওয়া যায়নি। তিনি বলেন, এখানে কোনো জমায়েত হওয়ার কথা ছিল না। খুলনায় রয়ে গেছেন হেফাজতের কর্মীরাঢাকামুখী লংমার্চে যাওয়ার জন্য গাড়ি পাওয়া না গেলে গতকাল রাতে খুলনা অচল করে দেওয়ার ঘোষণা দেন হেফাজতে ইসলামের খুলনা জেলা শাখার নেতারা। হেফাজতে ইসলামের খুলনা জেলা শাখার মহাসচিব মুফতি গোলামুর রহমান বলেন, আজ সকাল আটটার মধ্যে হরতালের সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে রোববার খুলনায় হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। আজ বেলা তিনটার দিকে খুলনা নগরের মুসলমানপাাড়ায় দারুল উলুম মাদ্রাসায় হেফাজতে ইসলামের সমর্থকেরা জড়ো হওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের ঘিরে রাখে। পরে সাড়ে চারটার দিকে তাঁরা সেখান থেকে সরে যান। লংমার্চ বাস্তবায়ন কমিটির বিভাগীয় আহ্বায়ক মোস্তাক আহমেদ প্রথম আলো ডটকমকে জানান, তিনিসহ ১০ থেকে ১২ জন কর্মী সংবাদপত্র বহনকারী গাড়িতে করে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। বাকিরা খুলনাতেই রয়ে গেছেন। হরতালের জন্য লংমার্চে গেলেন না সিরাজগঞ্জের কর্মীরালংমার্চের জন্য পরিবহন না পাওয়ায় সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় অবস্থান নিয়ে সমাবেশ করেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। সমাবেশ থেকে অভিযোগ করা হয়, বাসমালিকেরা অগ্রিম ভাড়া নিয়েও প্রশাসনের চাপে ঢাকা যেতে রাজি হচ্ছেন না। অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ, বাসমালিক ও শ্রমিকেরা। হেফাজতে ইসলাম সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল্লাহ দাবি করেন, ‘লংমার্চে যতক্ষণ পর্যন্ত যেতে না পারব, ততক্ষণ এখানেই অবস্থান নেব।’ পরে বিকেল পাঁচটার দিকে পুলিশ ঢাকায় লংমার্চে যোগ দেওয়ার জন্য হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের চারটি বাস ও দুটি ট্রাকের ব্যবস্থা করে দেয়। ট্রাফিক ইন্সপেক্টর মিদাদুল ইসলাম বলেন, ঊধ্বর্তন কর্মকর্তাদের নির্দেশে তাঁদের জন্য পরিবহন ঠিক করে দেওয়া হয়। কিন্তু হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা লংমার্চের জন্য ঢাকায় রওনা হননি। তাঁরা নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। হেফাজতে ইসলামের সিরাজগঞ্জ জেলা শাখার আমির আবদুস সালাম বলেন, ‘এ সময় গেলে হরতালের মধ্যে পড়ব। তাই জীবনের ঝুঁকি নেব না। বাড়ি ফিরে যাব।’ পরে আবার তাঁরা একত্র হবেন বলে জানান। নোয়াখালীতে দেড় ঘণ্টা অবরোধ ভাড়া করা বাস ঢাকায় আসতে রাজি না হওয়ায় নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তা অবরোধ করেন হেফাজতে ইসলামের নোয়াখালীর কর্মীরা। আজ শুক্রবার সকাল সোয়া নয়টা থেকে প্রায় দেড় ঘণ্টা তাঁরা সড়ক অবরোধ করে রাখেন। সাতক্ষীরায় সংবাদ সম্মেলন হয়নিহেফাজতে ইসলামের সাতক্ষীরা জেলা সমন্বয়ক মাওলানা মনিরুল হক জানান, ঢাকাগামী সব ধরনের গাড়ি বন্ধ করে দেওয়ায় তাঁরা লংমার্চে যোগ দিতে পারছেন না। আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে তালা উপজেলার পাটকেলঘাটা ডাকবাংলোয় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা ছিল হেফাজতে ইসলামের। তবে পরে সংবাদ সম্মেলন হয়নি।মনিরুল হক বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের চাপের কারণে তাঁরা সংবাদ সম্মেলন করতে পারেননি। কোনো গাড়ি না পাওয়ায় তাঁরা ঢাকায় লংমার্চের জন্য যাচ্ছেন না বলেও জানান। সিলেট থেকে হেঁটে যাওয়ার সিদ্ধান্তসিলেটে গণপরিবহন না পেয়ে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা হেঁটে ঢাকায় লংমার্চে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তাঁরা দক্ষিণ সুরমার কদমতলীতে কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে সামনের দিকে গেছেন। হেফাজতে ইসলাম সিলেটের সদস্য সচিব শায়খ জিয়াউদ্দিন এ কথা জানিয়েছেন।