নিজ ঘরে স্কুলছাত্রীর জবাই করা লাশ
রাজধানীর হাজারীবাগে নিজ বাসায় খুন হয়েছে স্কুলছাত্রী তাসনিম রহমান (১৩)। গতকাল সোমবার সন্ধ্যায় শয়নকক্ষ থেকে তার জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে।নিহত তাসনিম বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্কুল ও কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। তার বাবা মিজানুর রহমান ও মা আফরোজা ফারহানা দুজনই আইনজীবী। এই আইনজীবী দম্পতি হাজারীবাগের ভাগলপুর লেনের ৪৮/১৫/জি নম্বর বাড়ির তৃতীয় তলার ভাড়া বাসায় থাকেন। একই বাসার চারতলায় থাকেন নিহত তাসনিমের মামা-মামি ও নানি। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে তাসনিমের মামি সেতু বেগম তিনতলায় তাসনিমের ঘরে গিয়ে রক্তাক্ত মৃতদেহ দেখতে পান।সেতু বেগম প্রথম আলোকে বলেন, প্রতিদিন সকালে তাসনিম ও তার ভাই ওয়ালিউর (৬) স্কুলে যায়, ১২টার দিকে ফিরে আসে। তারা দুই ভাইবোন স্কুল থেকে ফিরে নিজ বাসায় থাকে অথবা নানির কাছে যায়। আর তাদের বাবা-মা সন্ধ্যা বা রাতে বাসায় ফেরেন। এর মধ্যে সেতু নিজে এই দুই বাচ্চার খোঁজ রাখেন।সেতু বেগম জানান, গতকাল তাসনিম নানির কাছে যায়নি দেখে সন্ধ্যায় তিনি খোঁজ নিতে গিয়ে দেখেন দরজা ভেড়ানো। ঠেলা দিতেই সেটি খুলে যায়। ঘরে ঢুকে দেখেন খাটের ওপর চিত হয়ে পড়ে আছে তাসনিম। গলাকাটা, বিছানা রক্তে ভেজা। পাশে একটা রক্তমাখা বঁটি আর মাথার পাশে একটা জিআই তারের টুকরা পড়ে রয়েছে। দেখেই তিনি চিৎকার করে ওঠেন। তখন আশপাশের লোকজন এসে তাসনিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।নিহতের বাবা মিজানুর রহমান বলেন, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে বাসায় ফেরার সময় এই সংবাদ পান। এই হত্যার সম্ভাব্য কোনো কারণ বলতে না পারলেও মিজানুর মনে করছেন, তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।হাজারীবাগের ছয়তলা ওই বাড়িটির প্রধান ফটকটি তালা মারা থাকলেও মাঝের ছোট দরজাটি সব সময় খোলা থাকে। সেখানে কোনো নিরাপত্তাকর্মী থাকে না।