নিজ জাতের বাইরে বিয়ে করায় দম্পতি হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারের ইচ্ছার বিরুদ্ধে নিজ জাতের বাইরে বিয়ে করায় এক ভারতীয় দম্পতিকে বর্বরোচিতভাবে হত্যা করা হয়েছে। গত সোমবার রাতে দেশটির কর্ণাটকের গোকাক তালুকের লুসার গ্রামে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত ওই স্বামী-স্ত্রী হলেন— বিত্তাল কুরি (২৮) ও নেত্র (২০)। পাত্রী পক্ষের নিকটাত্মীয়রা ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে তাদের হত্যা করে। হত্যাকাণ্ডের ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত সব আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে আজ বুধবার বলা হয়, উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষে ২০১১ সালের এপ্রিলে কুরুবা সম্প্রদায়ের মধ্যবিত্ত পরিবারের ছেলে বিত্তাল কুরির সঙ্গে পালিয়ে বিয়ে করেন সম্ভ্রান্ত মারাঠা পরিবারের মেয়ে নেত্র। তাঁরা বিয়েটি রেজিস্ট্রিও করেন। প্রথম সন্তান জন্মের পর তাঁরা স্থানীয় পুলিশ পরিদর্শক সন্দীপ পাতিলের শরণাপন্ন হন যাতে তিনি উভয় পরিবারকে বিয়েটি মেনে নিতে রাজি করান। তিনি দু পরিবারের সদস্যদের ডেকে বিবাদ মিটিয়ে ফেলতে অনুরোধ করেন। তখন উভয় পরিবারের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়, ওই নবদম্পতির বিষয়ে কোন হস্তক্ষেপ করা হবে না। দুই পরিবারের সমঝোতার পর বিত্তাল ও নেত্র তাদের পৈতৃক বাড়ি থেকে ৪-৫ কিলোমিটার দূরে কুরুবারাহলিতে একটি ভাড়া বাড়িতে থাকা শুরু করেন। কিন্তু বিষয়টি ভালোভাবে নিতে পারেনি নেত্রর নিকটাত্মীয়রা। গত সোমবার সন্ধ্যায় নেত্রর দুই আত্মীয়, বিত্তাল বাগাই ও ইয়ামানাপ্পা ওই দম্পতির বাড়িতে যান। সেখানে গিয়ে মারাঠা পরিবারের মেয়ে বিয়ে করে পারিবারিক সম্মান নষ্ট করার অভিযোগ এনে বিত্তাল কুরিকে হুমকি দেন তারা। এর কিছুক্ষণ পর হুমকিদাতা দুজনের সঙ্গে যোগ দেন নেত্রর বাবা জোথাপ্পা ও অন্য এক আত্মীয়। তাঁরা দুজন নেত্র ও তাঁর স্বামীকে তাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। এ নিয়ে বিত্তালের সঙ্গে বাগ বিতণ্ডা চলে নেত্রর আত্মীয়দের। এক পর্যায়ে মধ্যরাতে বাগাই ও ইয়ামানাপ্পা ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে ওই দম্পতিকে। এ ঘটনার পর গতকাল মঙ্গলবার ময়নাতদন্ত শেষে লুসার গ্রামে বিত্তাল-নেত্র দম্পতির শেষকৃত্য সম্পন্ন হয়। এদিকে ওই দম্পতির মৃত্যুর পর তাদের সাত মাস বয়সী শিশুটিকে পুলিশি হেফাজতে একটি শিশু পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।