নিজ প্রতিষ্ঠানে বিটিভির অনুষ্ঠান নির্মাতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠানের নির্মাতা ও পরিকল্পনাকারী শহিদুল ইসলাম খুন হয়েছেন। আজ মঙ্গলবার সকালে পুলিশ চেয়ারে বসা অবস্থায় তাঁর হাত-পা বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, শহিদুলের কর্মচারীরা এ ঘটনা ঘটিয়েছেন। ঘটনার পর থেকে তাঁরা পলাতক। শহিদুলের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। তবে দুই সন্তান ও স্ত্রী নিয়ে আশুলিয়ার নবীনগরের কুরগাঁও এলাকায় নিজ বাড়িতে থাকতেন তিনি। উত্তরার ১০ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের দ্বিতল বাড়ির নিচতলায় তাঁর প্রতিষ্ঠান ‘মিডিয়া ভিশন’। পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শহিদুল প্রতিদিন সকাল ১০টার দিকে বাসা থেকে বের হতেন। বাইরে ও প্রতিষ্ঠানে সারা দিন কাজ করে রাত আটটার দিকে বাসায় ফিরতেন। কিন্তু গতকাল সোমবার রাতে তিনি বাসায় ফেরেননি। বিকেল থেকেই তাঁর মুঠোফোনও ছিল বন্ধ। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তাঁর কোনো হদিস মেলেনি। আজ সকালে পুলিশসহ পরিবারের সদস্যরা উত্তরায় গিয়ে দেখেন, শহিদুলের প্রতিষ্ঠানের দরজায় তালা দেওয়া। পরে পুলিশ বিকল্প চাবি দিয়ে দরজা খুলে শহিদুলের লাশ উদ্ধার করে। উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, ‘শহিদুলের লাশ একটি কক্ষে চেয়ারের ওপর বসা অবস্থায় ছিল। হাত-পা ছিল বাঁধা। মাথায় ধারালো অস্ত্রের গুরুতর জখম। সারা শরীর ছিল রক্তাক্ত। প্রতিষ্ঠানে কম্পিউটারের সিপিইউসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র উধাও। প্রতিষ্ঠানের কর্মচারীদের মুঠোফোনও বন্ধ। শহিদুলের পরিবারের বক্তব্য ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ধারণা করছি, কর্মচারীরা এ ঘটনা ঘটিয়েছে।’শহিদুলের মেয়ে শেখ সানজিদা ইসলাম জানান, তাঁর বাবার প্রতিষ্ঠানে এক নারীসহ তিন কর্মচারী কাজ করতেন। আগে থেকেই তাঁরা পরস্পর পরিচিত। কিছুদিন আগে অনুষ্ঠানের ভিডিও ফুটেজ চুরি করা নিয়ে এক কর্মচারীকে বকাঝকা ও চাকরিচ্যুত করেন তাঁর বাবা। এর জের ধরে এ ঘটনা ঘটেছে। গতকালও প্রতিষ্ঠানে তাঁর বাবা এবং ওই কর্মচারীদেরকে দেখা গেছে বলে কয়েকজন তাঁকে জানিয়েছেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দ্বিতল বাড়ির নিচতলার দুটি কক্ষ নিয়েই শহিদুলের ব্যবসাপ্রতিষ্ঠান। সেখানে ফিতা টেনে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন সিআইডি কর্মকর্তারা। আছে উত্সুক মানুষের ভিড়। একপাশে কান্নায় ভেঙে পড়ছিলেন শহিদুলের স্বজনেরা। শহিদুলের প্রতিষ্ঠান ছাড়াও ওই বাড়িতে একটি বিদ্যালয় ও একটি বিজ্ঞাপন সংস্থার প্রতিষ্ঠান আছে। দোতলায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিবার নিয়ে থাকেন। তবে ঘটনার ব্যাপারে কারও কাছ থেকে কোনো তথ্য মেলেনি। পারিবারিক সূত্র জানায়, সাড়ে চার বছর আগে শুরু হওয়া ‘পৌর দর্পণ’ নামে বিটিভির একটি অনুষ্ঠানের নির্মাতা ও পরিকল্পনাকারী ছিলেন শহিদুল। অনুষ্ঠানের কয়েকটি পর্ব উপস্থাপনাও করেছেন তিনি। তবে ছয় মাস ধরে অনুষ্ঠানটি বন্ধ। পুনরায় তা প্রচারের জন্য কাজ শুরু করেছিলেন শহিদুল। দেশের পৌরসভার সার্বিক পরিস্থিতি, উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন দিক নিয়ে ‘পৌর দর্পণ’ অনুষ্ঠানটি নির্মিত। পরিবার জানায়, শহিদুল ‘বাউল মেলা’ নামের আরেকটি অনুষ্ঠান বিটিভির জন্য তৈরি করেছিলেন। একটি মানবাধিকার সংস্থার সঙ্গেও তিনি সম্পৃক্ত। সাত-আট বছর ধরে গণমাধ্যমে অনুষ্ঠান নির্মাণের কাজ করছেন তিনি। কিছুদিন সাংবাদিকতাও করেছেন। বিটিভির উপ মহাপরিচালক মনোয়ারুল ইসলাম শুধু ‘পৌর দর্পণ’ অনুষ্ঠানের সত্যতা নিশ্চিত করেছেন।