নিজ বাড়িতে দম্পতি খুন
রাজধানীর দক্ষিণখানের সৈয়দনগরে নিজ বাড়িতে খুন হয়েছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার নাসিরউদ্দীন (৬৩) ও তাঁর স্ত্রী মাহমুদা খাতুন (৫৮)। গতকাল বিকেলে ওই বাড়ি থেকে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে। দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হাকিম বলেন, মাহমুদাকে শ্বাসরোধে ও নাসিরউদ্দীনকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা বঁটি ও দুটি কাঠের টুকরা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, সৈয়দনগরের ১৭ নম্বর হোল্ডিংয়ে প্রায় চার কাঠা জায়গার ওপর নির্মিত ‘মুক্তনীড়’ নামের টিনের বাড়ির ভেতরের অংশ রক্তে সয়লাব। রক্তের ওপর পড়ে আছে কয়েকটি কই মাছ। জানা যায়, ওই বাড়িতে নাসিরউদ্দীন ও মাহমুদা দম্পতি বাস করতেন। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে সালাহউদ্দীন উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত। দ্বিতীয় ছেলে মোসলেহউদ্দীন সেনাবাহিনীর মেজর। একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে।স্থানীয় লোকজন জানান, গতকাল বিকেল চারটার দিকে মুক্তনীড়ে গিয়ে নাসিরের লাশ দেখে চিৎকার শুরু করেন স্থানীয় বাসিন্দা আয়েশা বেগম। তিনি মুক্তনীড়ের পাশে একটি বাসায় থাকেন, মাঝেমধ্যে মাহমুদাকে গৃহকর্মে সাহায্য করতেন। আয়েশা বলেন, বেলা ১১টার দিকে তিনি ওই বাসায় কাজ করতে যান। কাজ শেষে যাওয়ার সময় মাহমুদা তাঁকে বলেন, বিকেলে ফোন করলে তিনি (আয়েশা) যেন বাসায় আসেন। বিকেল চারটার দিকে তিনি মুক্তনীড়ে গিয়ে বাইরে থেকে দরজা বন্ধ দেখেন। দরজা খুলতেই পাশে নাসিরউদ্দীনের লাশ পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে শয়নকক্ষের মেঝেতে মাহমুদার লাশও দেখতে পায়। পুলিশ জানায়, চার কক্ষের বাসাটিতে দুটি শয়নকক্ষ। এর একটিতে মাহমুদার লাশ পাওয়া যায়। তাঁর গলায় রশি প্যাঁচানো ছিল। আয়েশাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক জিয়াউল আহসান বলেন, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। প্রথমে মাহমুদাকে হত্যা করা হয়। এর মধ্যেই নাসিরউদ্দীন বাজার নিয়ে বাসায় এলে তাঁকে দরজাতেই হত্যা করে বের হয়ে যায় খুনিরা।র্যাব কর্মকর্তা মোস্তাক আহমেদ বলেন, বাসা থেকে কোনো কিছু খোয়া যায়নি বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। নাসিরউদ্দীনের ভাতিজা আজিজ আহম্মদ বলেন, বাসার পাশে চলাফেরার রাস্তা চওড়া করার জন্য জায়গা বেশি বা কম ছাড়া নিয়ে প্রতিবেশীদের সঙ্গে সমস্যা চলছিল। প্রতিবেশী আবদুল মালেক বলেন, ঘটনার সময় তাঁরা কোনো শব্দ পাননি। রাত সোয়া ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।এর আগে গত রোববার গুলশানে নিজ বাড়ির শয়নকক্ষে ব্যবসায়ী ফজলুল হকের লাশ পাওয়া যায়। গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর পূর্ব রাজাবাজারের ভাড়া ফ্ল্যাটের শয়নকক্ষ থেকে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।