নিজ বুদ্ধিমত্তায় বেঁচে গেল অপহূত শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাকে অপহরণ করে আটকে রাখা হয়েছে। আমাকে মেরে ফেলবে। আপনারা আমাকে বাঁচান।’ এমন চিরকুট লিখে জানালা দিয়ে নিচে ফেলে বাঁচার আকুতি জানায় অপহূত এক শিশু। একজন পথচারীর সামনে পড়ায় তিনি তা তুলে নিয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে ওই বাড়ির লোকজনকে জানান। পরে এলাকার লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। শিশুটির নাম ইমতিয়াজ আহমেদ ওরফে সিয়াম। বয়স ১১। পুরান ঢাকার নবাবপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ইমতিয়াজ পুরান ঢাকার ইংলিশ রোডের ৩০ গোলক পাল লেনে বাবা-মায়ের সঙ্গে থাকে। পুরান ঢাকার মালিটোলা এলাকার স্কুলের মাঠে খেলছিল ইমতিয়াজ। গত মঙ্গলবার দুপুরে সেখান থেকে অপহূত হয় সে। তাকে নিয়ে আটকে রাখা হয় যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় চারতলার একটি বাসায়। নিজ বুদ্ধিমত্তায় চার ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এলাকাবাসীর সহায়তায় সে মুক্ত হয়। অপহরণকারী অনিক চৌধুরী (২৪) শিশুটির পূর্বপরিচিত। তাদের এক ভাড়াটের আত্মীয় তিনি। শিশুটিকে আটকে রেখে বাইরে গিয়েছিলেন তিনি। তখনই শিশুটি চিরকুট লিখে নিচে ফেলে। ইমতিয়াজের বাবা ব্যবসায়ী এস এম সিরাজউদ্দিন প্রথম আলোকে বলেন, প্রতিদিনের মতো গত মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বাসাসংলগ্ন মালিটোলা লেনের হাজী মাজহারুল হক প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইমতিয়াজ খেলতে যায়। দীর্ঘক্ষণ পরও বাসায় ফিরে না আসায় পরিবারের উৎকণ্ঠা বেড়ে যায়। এরপর তিনি বংশাল থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। একই সঙ্গে সম্ভাব্য বিভিন্ন স্থানেও খোঁজ করেন। সন্ধ্যা ছয়টার দিকে অপহরণকারী তাঁর (সিরাজউদ্দিন) মুঠোফোনে যোগাযোগ করেন। বলেন, বুধবার সকাল ১০টার মধ্যে ২০ লাখ টাকা না দিলে ছেলেকে মেরে ফেলা হবে। বংশাল থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসান বলেন, সন্ধ্যার দিকে এক পথচারী ৭/২ ধলপুরের বাড়ির পাশে একটি চিরকুট পান। চিরকুটটি পড়ে তিনি ওই বাড়ির মালিক রুহুল আমিনের কাছে দেন। ঘটনাটি জানাজানি হলে আশপাশের লোকজন ভিড় করে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাড়ির মালিকের সহায়তায় স্থানীয় লোকজন চারতলায় গিয়ে শিশুটিকে উদ্ধার করে। এর কিছুক্ষণ পর অপহরণকারী অনিক ফিরে এলে বিক্ষুব্ধ জনতা তাঁকে পিটুনি দেয়। পুলিশ এসে জনরোষ থেকে অপহরণকারীকে উদ্ধার করে। মুক্ত হওয়ার পর শিশুটি অপহরণের বর্ণনা দেয়। সে সাংবাদিকদের জানায়, অ্যাকুরিয়ামের মাছ দেওয়ার কথা বলে তাকে নিয়ে যাওয়া হয়। বাসায় নেওয়ার পর তার হাত-পা বেঁধে ও মুখে স্কচটেপ লাগিয়ে দেওয়া হয়। এরপর বক্সখাটের জাজিম ও কাঠের পাটাতন সরিয়ে তার ভেতরে ইমতিয়াজকে ফেলে খাটের ওপরে পাটাতন ও জাজিম বসিয়ে দেওয়া হয়। ভেতরে বদ্ধ অবস্থায় সে ঘামে ভিজে গেলে মুখের স্কচটেপ খুলে যায়। এরপর সে দাঁত দিয়ে কামড়িয়ে হাতের ও পায়ের বাঁধন খুলে ভেতর থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। পরে জানালা দিয়ে চিরকুট লিখে সাহায্য চায়।ইমতিয়াজের বরাত দিয়ে তার বাবা জানান, ইমতিয়াজকে অপহরণ করে নেওয়ার পর অপহরণকারী তাঁর স্ত্রী ও সন্তানকে অন্যত্র রেখে আসতে যান। অপহরণকারী অনিক স্ত্রী ও সন্তান নিয়ে এই বাসায় ভাড়া থাকতেন। অনিক তাঁর স্ত্রী-সন্তানকে নিয়ে যাওয়ার পর ইমতিয়াজ তার হাত-পায়ের বাঁধন খুলে ফেলে। এরপর জানালা খুলে আশপাশের বাড়ির চালায় আলু ও পেঁয়াজ ছুড়ে মারে। এ সময় লোকজন ওপরের দিকে তাকালেও কথা বুঝতে পারছিল না। এরপর সে চিরকুট লিখে নিচে ফেলে। ইমতিয়াজের বাবা বলেন, ‘আমার ছেলে ফিরে পেয়েছি। এর চেয়ে বড় আনন্দের আর কী হতে পারে। ঘটনার পর আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছিল। ছেলে ফিরে আসায় তার মুখে হাসি ফুটেছে।’ সিরাজউদ্দিন বলেন, ‘অনিক আমার এক ভাড়াটের আত্মীয়। সে মাঝেমধ্যে এসে ইমতিয়াজের সঙ্গে ক্রিকেট খেলে ভাব গড়ে তোলে। পরিকল্পিতভাবে অনিক অপহরণ করেছে।’ঘটনা তদন্তকারী বংশাল থানার উপপরিদর্শক মো. সাজু খন্দকার জানান, অপহরকারীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। গতকাল তাঁকে আদালতে পাঠিয়ে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অনিক স্বীকার করেছেন, টাকার লোভে ইমতিয়াজকে অপহরণ করেছিলেন তিনি। পুলিশ জানায়, অনিক জনশক্তি রপ্তানির দালালি করেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।