নিজ ভূমে ক্রিকেট ফেরানোর স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুকের মধ্যে জমাটবাঁধা দুঃখপাথর সরিয়ে ফেলে সেমিফাইনালে উঠে গেল পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজকে শিমুল তুলোর মতো উড়িয়ে দিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেছে দুরন্ত আফ্রিদির দল। ১৯৯৯ বিশ্বকাপের পর ৫০ ওভারের ক্রিকেটে এত বড় সাফল্য এটাই প্রথম বলে পাকিস্তানি সমর্থকদের আনন্দও আজ বিস্ফোরণোন্মুখ।বাঁধভাঙা উল্লাসে মেতেছে পাকিস্তানিরা। পরশু সারা রাত রাস্তায় নেমে আনন্দ করেছে নারী-পুরুষ, আবালবৃদ্ধ। রং-আতশবাজিতে উদ্যাপন করেছে প্রিয় দলের সাফল্য। হয়েছে মিষ্টিমুখ। ফোন করে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছে দূর স্বজনের কাছে।প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিও আনন্দ উদ্যাপন থেকে বাদ যাননি। ফোন করে অভিনন্দন জানিয়েছেন ক্রিকেটারদের। বাকি দুটো ম্যাচও জিতে আফ্রিদিরা দেশের মানুষকে ১৯৯২-এর পর আরেকবার মহানন্দে ভাসাবেন বলেই তাঁরা আশায়।অভিনন্দন জানিয়েছেন পাকিস্তান মুসলিম লীগের (এন) প্রধান নওয়াজ শরিফ, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ, পাকিস্তান মুসলিম লীগের (কিউ) প্রেসিডেন্ট চৌধুরী সুজাত হুসাইনসহ বিভিন্ন রাজনীতিবিদ ও রাষ্ট্রীয় ঊর্ধ্বতন কর্মকর্তাও। তাঁরা সবাই বাকি দুটি ম্যাচ ভালো খেলে বিশ্বকাপ জয়ের প্রত্যাশায় আফ্রিদিদের জানিয়েছেন শুভকামনা।দাপটের সঙ্গে সেমিফাইনালে উঠে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখানোর পাশাপাশি পাকিস্তান দল এখন দেশের মানুষকে আরও একটি স্বপ্ন দেখাতে শুরু করেছে। এই মুহূর্তে সবচেয়ে আরাধ্য আন্তর্জাতিক ক্রিকেটকে নিজেদের মাটিতে ফেরানো। আফ্রিদিরা বিশ্বকাপ জয় করতে পারলে পাকিস্তানের মাটিতে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফেরার পথটা সুগম হবে বলেই মনে করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাট, ‘শেষ পর্যন্ত আমাদের মাটিতে খেলতে দলগুলোকে রাজি করানোর ক্ষেত্রে এটা বড় সহায়ক হবে। শুধু এ কারণেই এ বিশ্বকাপটা পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ছেলেরাও তাঁদের দায়িত্বটা বুঝতে পারছে দেখে আমি খুশি।’লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে আইসিসি। বিশ্বকাপটা তাদের ঘরেও হওয়ার কথা ছিল। না হওয়ার সেই অন্তর্জ্বালাই আফ্রিদির দলকে তাতিয়ে দিয়েছে। দলীয় চেতনার আগুনে পুড়িয়ে তাই ছারখার করছে প্রতিপক্ষকে।হাজারো বিতর্ক পায়ে ঠেলে আফ্রিদিরা যেভাবে এগিয়ে চলেছেন, তাতে খুশি বাট। খেলোয়াড়দের কৃতিত্ব দিতে কার্পণ্য করেননি পিসিবিপ্রধান, ‘আমি সব সময়ই আত্মবিশ্বাসী ছিলাম যে সেমিফাইনালে পৌঁছার মতো সামর্থ্য পাকিস্তান দলের আছে। এখন মাত্র দুটি ম্যাচ বাকি। আমি আশা করছি, দুর্দান্ত ফর্ম ও আত্মবিশ্বাস তারা পরের এই দুই ম্যাচে ধরে রাখতে পারবে।’ ওয়েবসাইট।