নিজ সন্তান নিয়ে জন্মদাতার অপবাদ
জন্মদাতা পিতা তার সন্তানকে অস্বীকার করেছে। বাবা অপবাদ দিচ্ছে এ সন্তান তার না। বিয়ের পর থেকেই যৌতুকের কারণে নানাভাবে অত্যাচার করত স্ত্রীকে। আইনজীবী স্ত্রী উপায় না পেয়ে যৌতুকের ও সন্তানের ভরণপোষণ চেয়ে মামলা করেছে আদালতে। যৌতুকের একটি মামলার সাক্ষ্যপর্ব চলছে ঢাকার সিএমএম কোর্টে। সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন একজন নারী আইনজীবী। মামলাটির বাদী তিনি। তাঁর স্বামীর বিরুদ্ধে মামলাটি করেছেন। আসামিপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত আছেন ঢাকা বারের সবচেয়ে জাঁদরেল ও প্রতিষ্ঠিত জ্যেষ্ঠ আইনজীবী। তিনি এসেছেন তাঁর বিশাল জুনিয়র আইনজীবী বাহিনী নিয়ে। খুবই অবাক হলাম, যৌতুকের মামলায় আসামিপক্ষের লড়তে এত বিশাল বহর নিয়ে মামলার শুনানি করতে দেখে। জানতে পারি যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় মামলাটি করা হয়েছে। সাক্ষীর পর্যায়ে জবানবন্দি ও জেরা শেষ হলে আমি এগিয়ে যাই মামলার বাদী আইনজীবীর কাছে। আমাকে দেখে ইতস্তত বোধ করলেন খানিকটা। তারপর আদালত থেকে বেরিয়ে বললেন, ‘আমার বন্ধু-বান্ধবরাই লড়ছে আমার পক্ষে। আমরা তো জুনিয়র আইনজীবী, এত টাকা-পয়সা দিয়ে কী করে বাঘা আইনজীবী রাখব?’জমে উঠল কথোপকথন:বিয়ে কবে হয়েছিল আপনার? ‘২০০৪ সালে। পারিবারিকভাবেই বিয়ে হয়। ঘটকালি-সংক্রান্ত একটি ওয়েবসাইটে আমার সিভি দেওয়া ছিল। এখান থেকেই প্রস্তাব আসে। সে আমেরিকায় ব্যবসা করত বলে জানিয়েছিল। আসলে সে ওখানে দুই বছর থাকার পর দেশে চলে আসে। পরে কিছুদিন একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করত। বিয়ের সময় পুরোপুরি বেকার ছিল। বিয়ের সময় ভাইয়েরা খোঁজখবর নিলেও সে মিথ্যা তথ্য দিয়েছে।’বিয়ের পর যখন জানলেন, তখন কিছু বলেননি?‘ তখন তাকে জিজ্ঞেস করেছি, কেন এমন করল। তখন সে আমাকে মানসিকভাবে অত্যাচার করত। বিয়ের পর তার আসল চেহারা উন্মোচিত হলো। বিয়ের পর সে আমাকে তার বাড়িতে নিয়ে যায়নি। প্রথমে শুধু কাবিন করলেও পরে আর তুলে নেয়নি। সে মাঝেমধ্যে আসত। আমাকে নানা কটু কথা আর অপবাদ দিত। আমার পরিবারের কাছে টাকা চাইত।’কত টাকা চেয়েছে?‘পাঁচ লাখ টাকা। কিছু টাকা দিয়েছিও। দিতে পারার অক্ষমতা জানালে আমার ওপর অত্যাচার চালাত। অনেক কষ্ট পেয়েছিলাম যখন শুনলাম তার আরেকটা সংসার আছে।’আগে খোঁজ নেননি এসব বিষয়ে?‘আসলে আমার তো কিছু করার ছিল না। ভাইয়েরা খোঁজখবর নিয়েছিলেন। আমি তো শুধু তাঁদের কথায় রাজি হয়েছি।’আপনার কোনো সন্তান আছে?‘হ্যাঁ, একটি ছেলে আমার। ২০০৭ সালে জন্ম নেয়। ছেলেটিকে সম্বল করেই বেঁচে থাকা আমার।’তালাক হয় কবে? বাচ্চার খোঁজখবর তিনি নেন না?‘২০০৮ সালে যখন আমি অতিষ্ঠ হয়ে তার বিরুদ্ধে মামলা করি, তখনই সে আমাকে তালাক দেয়। আসলে আমিও তালাক চাচ্ছিলাম। বিয়ের পর তার প্রয়োজন মেটাতেই আসত। আর বাচ্চা হওয়ার পর তো একদমই খোঁজ নিত না। এমনকি (খুব আবেগ-আপ্লুত কণ্ঠে) এই বাচ্চার বাবা কে, তা নিয়ে নাকি তার সন্দেহ আছে। এ কথা শোনার পর মনে হয়েছিল আত্মহত্যা করি। কিন্তু ছেলেটির দিকে তাকিয়ে এ রকম সিদ্ধান্ত থেকে সরে আসি।’দেনমোহর কত টাকা?‘তিন লাখ টাকা। আমি দেনমোহরের জন্যও পারিবারিক আদালতে মামলা করেছি। ভয়াবহ কথা হচ্ছে, আমি নাকি তার চার নম্বর বউ ছিলাম। দেনমোহরের সঙ্গে বাচ্চার অভিভাবকত্ব ও ভরণপোষণও চেয়েছি। সবচেয়ে কষ্টের কথা হচ্ছে, আমাকে শ্বশুরবাড়িতে নেয় না বলে আমার নিকটাত্মীয়, বন্ধুবান্ধবেরা অনেক কথা শুনিয়েছে, অপবাদ দিয়েছে।’বাচ্চা কী তার বাবার কথা জানতে চায়?‘আসলে ও অনেক ছোট হলেও অনেক কিছুই বুঝতে পারে। একদিন টিভিতে দেখে দাদা-দাদির কথা জিজ্ঞেস করেছিল। আমি একদিন একটা ফরম ফিলাপ করছিলাম। আমাকে জিজ্ঞেস করে কী লিখছি। আমি আসলে কিছু না বুঝেই বলেছিলাম বাবার নাম লিখি। তখনই সে বলেছিল, তাহলে আমার বাবার নাম কী? আমি তখন চুপ হয়ে গিয়েছিলাম।’নিজে আইনজীবী হয়েও একজন ভুক্তভোগী। আদালতে ভোগান্তি কেমন পোহাতে হয় আপনার?‘আইনজীবী হই বিয়ের পরপরই। আইনজীবী হয়েও বিচারপ্রার্থী হিসেবে অনেকবারই যেতে হচ্ছে আদালতে। তখন আসলেই খুব অসহায় লাগে। মামলায় এত দীর্ঘসূত্রতা। আমার জন্য বিপদ হলো, একজন আইনজীবী হওয়াতে। পরিচিত ব্যক্তিরা তির্যক চোখে তাকায়।’কী আশা করছেন? ‘লড়াইয়ে যখন নেমেছি, থামব না। আমরা নারীরা অনেক বেশি অসহায়। একে তো ভাইদের ওপর বোঝা হয়ে আছি, তার ওপর মামলা মোকদ্দমা—তবুও থামব না। আমার জন্য না হোক, বাচ্চাটির জন্য হলেও...।’কথাগুলো বলতে বলতে চেম্বার পর্যন্ত পৌঁছালাম। আইনজীবীর মুঠোফোনের পর্দায় দেখি তার ছেলের চেহারাটা কত মায়াবী, চোখ দুটি ছলছল করছে, বাবার আদর-যত্ন থেকে বঞ্চিত চেহারাটা। নিরপরাধ হয়েও জন্ম থেকেই অপবাদের বঞ্চনা সইতে হচ্ছে। ছেলেটি বোবা হয়ে আছে যেন বাবা ডাকার জন্য...।পাদটীকা: যৌতুক নিরোধ আইন ১৯৮০ এর ৪ ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি যৌতুক দাবি করে তাহলে দায়ী ব্যক্তি সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত যা কোনোভাবেই এক বছরের নিচে নয় জেল বা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। দেনমোহর ও ভরণপোষণের দাবি করে পারিবারিক আদালতে প্রতিকার চাইতে হয়।[email protected]