নিজ সমর্থকদের কোপালেন ছাত্রলীগের নেতা-কর্মীরা
ছাত্রলীগের নেতা-কর্মীদের রণহুঙ্কার, আহতের আর্তনাদ, চাপাতি-রামদার ঝনঝনানি আর গুলির শব্দে গতকাল মঙ্গলবার ভোরে ঘুম ভাঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ছাত্রদের। সূর্য উঁকি দেওয়ার আগেই হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের চরদখলের কায়দায় এ উন্মত্ততা দেখে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ ছাত্ররা। হলে আধিপত্য বিস্তারের জন্য ছাত্রলীগের কর্মীরা এলোপাতাড়ি কুপিয়েছেন নিজ সংগঠনের কর্মীদের। কেটে দিয়েছেন অনেকের হাত-পায়ের রগ। মুহসীন হল শাখা ছাত্রলীগের সভাপতি শেখ মুহাম্মাদ আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিনের সমর্থকেরা একজোট হয়ে সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মাহির কর্মীদের ওপর হামলা চালালে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ৬০ জন আহত হয়েছেন। এর মধ্যে অবস্থার অবনতি হওয়ায় দুজনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পরস্পরকে এভাবে কোপাতে পারে এমন বীভৎসতা দেখে আমরা আতঙ্কিত। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।’ উপাচার্যের ঘোষণার পর গতকাল রাতে এ ঘটনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেন। এতে হল শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককেও আসামি করা হয়। গতকাল সকালে মুহসীন হলে গিয়ে দেখা যায়, মেঝে আর সিঁড়িতে রক্তের ছোপ ছোপ দাগ। অন্তত ১০টি কক্ষ ভাঙচুর করা হয়েছে। চারদিকে ধ্বংসের চিহ্ন। আহতদের অধিকাংশই প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে।হলের ছাত্ররা জানিয়েছেন, সংঘর্ষের সময় অন্তত ১০টি গুলি ছোড়া হয়। এ ছাড়া তিন-চারটি ককটেল বিস্ফোরিত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি গুলিসহ একটি পরিত্যক্ত দেশি পিস্তল উদ্ধার ও এক ছাত্রকে আটক করেছে। তবে আটক ছাত্রের পরিচয় জানায়নি পুলিশ। সংঘর্ষের পর হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। হলের ছাত্ররা জানিয়েছেন, সংঘর্ষ চলাকালে ছাত্রলীগের কর্মীরা চাপাতি ও রামদা দিয়ে পরস্পরকে কুপিয়েছেন। কেটে দেওয়া হয় অনেকের হাত-পায়ের রগ। গুলি ও বোমার শব্দে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ ছাত্ররা।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, তাঁরা ৬০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আমজাদ আলী বলেন, আহত ৪৪ জনকে হল থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এঁদের মধ্যে হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মাহি ও লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মারুফ হাসানকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মাহির হাত-পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষ। তাঁর গায়ে গুলিও লেগেছে। সংঘর্ষের কারণ: বিভিন্ন সূত্রে জানা গেছে, মুহসীন হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম ক্যাম্পাসসহ আশপাশের সরকারি প্রতিষ্ঠানগুলোতে টেন্ডারবাজিতে জড়িত। হলের স্থগিত কমিটির সভাপতি মুহাম্মাদ আলী তাঁর ঘনিষ্ঠ কর্মী ছিলেন। অভিযোগ আছে, একপর্যায়ে মুহাম্মাদ আলী বিশ্ববিদ্যালয় শাখার নেতাদের কথাও শুনতেন না। এ কারণে বিশ্ববিদ্যালয়ের নেতাদের মদদে তৃতীয় পক্ষ হিসেবে হলে মাহির উত্থান হয়। এদিকে মাহির পক্ষ শক্তিশালী হওয়ায় ভবিষ্যতে টেন্ডারবাজি ও হল নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে এ আশঙ্কায় ভুগতে থাকেন হল সভাপতি ও সাধারণ সম্পাদক। আর এ কারণেই সাবেক নেতা শফিকের নির্দেশে একজোট হয়ে তাঁরা মাহির কর্মীদের ওপর হামলা করেন। আওয়ামী লীগের আগের মেয়াদে শিক্ষা ভবনে টেন্ডারবাজি করতে গিয়ে শফিক গণপিটুনির শিকার হয়েছিলেন। পরে পুলিশ তাঁকে আটক করে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম সাংবাদিকদের বলেন, মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তিনি বলেন, মুহসীন হল থেকে প্রশাসনিক ভবন খুব কাছে। ফলে বিভিন্ন টেন্ডারের কাজে প্রভাব রাখা যায় এ হল থেকে। আর তাই হলের নিয়ন্ত্রণ ধরে রাখতেই এ সংঘর্ষ।”মুহসীন হলের প্রাধ্যক্ষ মো. আলী আক্কাস বলেন, ঘটনার কারণ অনুসন্ধানে হলের সহকারী আবাসিক শিক্ষক আবু তালেবকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে তাঁরা প্রতিবেদন জমা দেবেন। এ ছাড়া এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি মামলাও করা হয়েছে। হলের ছাত্ররা জানান, মুহাম্মাদ আলীর সমর্থকেরা আর্থিক লেনদেন ও আঞ্চলিকতার কারণে তিনটি উপদলে বিভক্ত। হল শাখা ছাত্রলীগের সহসভাপতি মাঈনুল ইসলাম ও কামরুজ্জামান বরিশাল অঞ্চল, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মাহি যশোর অঞ্চল ও সহ-সম্পাদক আবুবক্কর সিদ্দিকী রাহাত ফরিদপুর অঞ্চলের কর্মীদের নিয়ে আলাদাভাবে চলেন। মহিউদ্দিন মাহির জনবল বেশি হওয়ায় তিনি হলের সভাপতি ও সাধারণ সম্পাদকের পরেই ক্ষমতাবান হয়ে ওঠেন। ছাত্ররা জানান, কয়েক দিন আগে হলের ক্যানটিনে মহিউদ্দিনের পক্ষের কর্মী রাজের সঙ্গে রাহাতের কথা-কাটাকাটি হয়। এ নিয়ে পরদিন হলে সংঘর্ষ বাধে। হল সভাপতি মুহাম্মাদ আলী তখন রাজসহ মাহির দুই কর্মীকে হল থেকে বহিষ্কার করেন। মাহি পরে তাঁদের হলে ফিরিয়ে নিয়ে এলে সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে তাঁর মনোমালিন্য শুরু হয়। এর জের ধরেই গতকালের সংঘর্ষ। সোমবার রাতেই উত্তেজনা দেখে হল কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম হলের নেতাদের নিয়ে রাত দেড়টায় সভায় বসে। হলের বাইরে মোতায়েন করা হয় পুলিশ। প্রায় তিন ঘণ্টা সভা চলে। সবাইকে সংঘর্ষ থেকে বিরত থাকার আহ্বান জানাতে মতৈক্যে পৌঁছানোর পর সাড়ে চারটায় সভা শেষ হয়। পুলিশ, প্রক্টোরিয়াল টিম ও হল কর্তৃপক্ষ চলে যায়। এর আধা ঘণ্টা পরই শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, মহিউদ্দিন মাহির অনুসারীরা ভোরবেলায় অবস্থান নেন হলের দোতলার উত্তর পাশে। আর তিন দিক থেকে তাঁদের আক্রমণ করেন মাঈনুল ইসলাম, কামরুজ্জামান ও রাহাতের কর্মীরা। সাকেরুজ্জামান, নিটোল, নূর মোহাম্মদ, সাগর ও মিঠুকে এ সময় সামনে থেকে আক্রমণের নির্দেশ দিতে দেখা যায়। আর মাহির পক্ষে নেতৃত্ব দেন আবু জাহিদ রিপন। উভয় পক্ষই রড, চাপাতি-রামদা ও অন্যান্য দেশি অস্ত্র ব্যবহার করে। একপর্যায়ে কোণঠাসা হয়ে পড়েন মাহির সমর্থকেরা। তাঁরা হল ত্যাগ করলে সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় হলে। ১১ জন বহিষ্কার: সংঘর্ষের ঘটনায় মুহসীন হল শাখা ছাত্রলীগের কমিটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। হলের সভাপতি মুহাম্মাদ আলীকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া সমাজকল্যাণ বিভাগের আমিনুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিভাগের মহিউদ্দিন মাহি, বিশ্ব ধর্মতত্ত্ব বিভাগের শাকেরুজ্জামান, ফাইন্যান্স বিভাগের মিনহাজউদ্দীন, সোহাগ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আবুবক্কর সিদ্দিকী রাহাত, আইন বিভাগের মাঈনুল ইসলাম, আরবি সাহিত্য বিভাগের মিজানুর রহমান, সংস্কৃত বিভাগের হান্নান তালুকদার, লোকপ্রশাসন তৃতীয় বর্ষের ছাত্র মেহেদী ও আকরামুল হককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। মামলা: গতকাল রাতে এ ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেন। এতে ১০ জন ছাত্রসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করা হয়। যাঁদের আসামি করা হয়েছে তাঁরা হলেন, মুহসীন হল শাখা ছাত্রলীগের সভাপতি শেখ মুহাম্মাদ আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, হল শাখার সাবেক সভাপতি শফিকুল ইসলাম, আইন বিভাগের মাঈনুল ইসলাম, সমাজকল্যাণ বিভাগের সোহাগ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আবুবক্কর সিদ্দিকী রাহাত, ফাইন্যান্স বিভাগের মিনহাজউদ্দীন, সংস্কৃত বিভাগের হান্নান তালুকদার, লোকপ্রশাসন তৃতীয় বর্ষের ছাত্র মেহেদী ও আরবি সাহিত্য বিভাগের মিজানুর রহমান।