নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার চিন্তা অবাস্তব
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার চিন্তা পুরোপুরি অবাস্তব। এ ইস্যুতে সরকার ভারসাম্য হারিয়ে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছে। তাই কীভাবে এ সমস্যার সমাধান করবে, তা নিয়ে সরকার এক-একবার এক-এক রকম বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘জিয়ার উনিশ দফা ও আজকের প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন। আমরা জিয়ার সৈনিক নামের একটি সংগঠন এ সভার আয়োজন করে।নিজস্ব অর্থায়নের পদ্মা সেতুর বিষয়ে বিএনপির এই নেতা বলেন, যে সরকার রাস্তাঘাটের সংস্কার করতে পারে না, সে সরকার এত বড় একটি সেতু করতে পারবে, তা অবিশ্বাস্য।মওদুদ আরও বলেন, পদ্মা সেতুর জন্য লজিস্টিক সাপোর্ট দরকার হবে। আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি লাগবে। কিন্তু বাংলাদেশে এ ধরনের কোনো প্রযুক্তি নেই, তাই বাইরে থেকে আনতে হবে। এ ক্ষেত্রে রেমিট্যান্স অনেক বাড়াতে হবে।তাই তিনি সরকারকে কল্পনা-বিলাসিতা ছেড়ে দেওয়ার আহ্বান জানান।মুঠোফোনের কলে সারচার্জ আরোপের বিরোধিতা করে মওদুদ বলেন, সরকার দুর্নীতি করেছে আর মানুষ এর খেসারত দেবে, তা হতে পারে না। তিনি দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।এ সরকার বিশ্বব্যাংকের সঙ্গে যুদ্ধে নেমেছে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, এ যুদ্ধে সরকার পারবে না। বর্তমান বিশ্বপরিস্থিতিতে তৃতীয় বিশ্বের পক্ষে বিশ্বব্যাংকের বিরুদ্ধে টিকে থাকা সম্ভব নয়।