নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু করুন: মেনন
সরকারের দোদুল্যমানতা নিরসন করে নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতুর নির্মাণকাজ দ্রুত শুরু করার দাবি জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তাঁর মতে, যতই কান্নাকাটি করা হোক, বিশ্বব্যাংক আর অর্থায়নে আসবে না। এলেও এমন শর্তে আসবে, যা জাতির জন্য অপমানজনক ও স্বার্থবিরোধী।আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় রাশেদ খান মেনন এসব কথা বলেন। যুবমৈত্রী ‘পদ্মা সেতু: বিশ্বব্যাংকের ঋণ প্রতারণা ও বাংলাদেশের যুবসমাজ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।বিশ্বব্যাংকের পদ্মা সেতুর অর্থায়ন বাতিল করার বিষয়কে ‘রাজনৈতিক’ আখ্যা দিয়ে মেনন বলেন, এটি বাংলাদেশকে নতজানু করার রাজনীতি। এখন ভূ-রাজনৈতিক দিক থেকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে বাংলাদেশকে তারা নতজানু করে রাখতে চায়। দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়া ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়ে মহাজোট সরকারের শরিক দলের এই নেতা বলেন, ‘প্রয়োজনে বিশ্বব্যাংক যে চিঠি দিয়েছে, তা প্রকাশ করুন। ওই চিঠি প্রকাশ করতে বাধা কোথায়, আমি জানি না।’আলোচনা সভায় অন্যান্যের মধ্যে যুবমৈত্রীর সভাপতি কিশোর রায়, সাবেক সভাপতি নূর আহমেদ প্রমুখ বক্তব্য দেন।