নিজস্ব ক্যাম্পাস না থাকলে সরকারি সুবিধা নয়: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের যেসব বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নেই তাদের সরকারি কোনো সুযোগ-সুবিধা দেওয়া হবে না। তবে যাঁরা নিজস্ব ক্যাম্পাস চালু করেছেন, তাঁরা সরকারি সব সুবিধা পাবেন। আজ শনিবার সকালে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ-এর নিজস্ব ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। কালিয়াকৈর-নবীনগর সড়কের পাশে গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের সারাবো এলাকায় ক্যাম্পাসটি স্থাপন করা হচ্ছে। শিক্ষামন্ত্রী বলেন, অনেক বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ঢাকার বাইরে ক্যাম্পাস তৈরি করেছে এবং অনেকে জমি কিনে কাজ শুরু করেছে। কিন্তু এখনো যেসব বিশ্ববিদ্যালয় ঢাকার ফ্ল্যাট বাসাভাড়া নিয়ে ক্লাস করছে, তাদেরও শিগগির ঢাকার বাইরে ক্যাম্পাস করতে বাধ্য করা হবে। ঢাকার ফ্ল্যাট বাসাভাড়া নিয়ে ক্লাস খোলা হচ্ছে, ওপরে গার্মেন্টস আর নিচে বাসা—সেখানে একটি বিশ্ববিদ্যালয় হতে পারে না। শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা আধুনিক বিশ্বের সর্বাধুনিক শিক্ষানীতি প্রণয়ন করব যাতে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের করে গড়ে তুলতে পারি। যে শিক্ষা আমাদের কাজে আসে না, সে শিক্ষা আমাদের প্রয়োজন নেই।’ তিনি বলেন, ‘যারা নিজস্ব ক্যাম্পাস গড়ে তুলবে না, তারা নতুন করে ছাত্র ভর্তি করতে পারবে না। এমনকি বিশ্ববিদ্যালয় বন্ধও করতে পারবে না। কারণ, যারা ভর্তি হয়েছে তাদের শিক্ষা নিশ্চিত করতে হবে।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্দার্ন ইউনিভার্সিটির উপাচার্য এম শামসুল হক।