নিজস্ব পিপিটি অনুসরণ করে ২০ লাখ সিম কার্ড কিনছে টেলিটক
চলতি অর্থবছরে ২০ লাখ সিম কার্ড কিনবে সরকারি মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটক। এ জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে। তবে এ ক্ষেত্রে সরকারি কোম্পানি টেলিটক সরকারি ক্রয়নীতি পিপিআর (পাবলিক প্রকিউরমেন্ট রুলস) অনুসরণ না করে নিজস্ব ক্রয়নীতি অনুসরণ করছে।টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবর রহমান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, টেলিটক সরকারি কোম্পানি হলেও সরকারি অর্থে পরিচালিত হচ্ছে না। তাই সরকারি ক্রয়নীতি অনুসরণ করার কোনো বাধ্যবাধকতাও টেলিটকের নেই। তিনি জানান, ২০০৭ সাল থেকে টেলিটকের সিম থেকে শুরু করে প্রয়োজনীয় সবকিছু কেনার ক্ষেত্রে টেলিটকের নিজস্ব ক্রয়নীতি পিপিটি (প্রকিউরমেন্ট পলিসি ফর টেলিটক) মেনে চলা হয়। টেলিটকের এই ক্রয়নীতি পিপিআরের আলোকে তৈরি করা হয়েছে।জানা গেছে, ২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকে ২০০৭ সাল পর্যন্ত টেলিটক সাড়ে ১১ লাখ সিম কিনেছে। এর মধ্যে চীনের হুয়াই টেকনোলজিস কোম্পানি থেকে সাড়ে নয় লাখ এবং জার্মানির মেসার্স সিমেন্স থেকে দুই লাখ সিম কেনা হয়। তৎকালীন বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড (বিটিটিবি) তাদের মোবাইল প্রজেক্টের আওতায় সিমগুলো কিনেছিল।২০০৭ সালে টেলিটক নিজ পরিচালনা পর্ষদের অনুমতি নিয়ে নিজস্ব পিপিটি প্রণয়ন করে। তখন থেকে টেলিটক দরপত্রের মাধ্যমে বিভিন্ন সময়ে চার দফায় সিম কার্ড কিনেছে বলে জানান টেলিটকের সহকারী ব্যবস্থাপক (প্রকিউরমেন্ট) মো. কামরুজ্জামান। তিনি জানান, দরপত্র আহ্বান করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে কম দামে সেরা পণ্য যে কোম্পানি দেওয়ার প্রস্তাব দেয়, তাকে সিম সরবরাহের কাজ দেওয়া হয়। সরকারি নীতিমালা অনুসরণ করে দরপত্র বাছাই করা হয়। এ ছাড়া বিদেশ থেকে সিম আমদানির পাশাপাশি দেশীয় প্রস্তুতকারীদের কাছ থেকেও সিম কেনা হয়।টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, আমদানি করা সিম কার্ডের ক্ষেত্রে ডিডিও (ডেলিভারি ডিউটি অর্ডার) পদ্ধতি অনুসরণ করা হয়, যাতে আমদানি করা পণ্যের শুল্ক প্রদান নিশ্চিত হয়। তিনি বলেন, টেলিটক সব সময় দেশীয় প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করছে। সাধারণত আবেদন সাপেক্ষে সরবরাহকারী প্রতিষ্ঠান বেছে নেওয়া হয়। তবে এ পর্যন্ত সবচেয়ে বেশি সিম কেনা হয়েছে দেশীয় প্রতিষ্ঠান সিল্কওয়েজ কার্ড অ্যান্ড প্রিন্টিং লিমিটেড থেকে।মুজিবর রহমান জানান, প্রথম দিকে সিল্কওয়েজের অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও (দরপত্রের শর্ত ভঙ্গ করে) দেশীয় প্রতিষ্ঠান বলে তাদের কাছ থেকে প্রায় আড়াই লাখ ৩২ কিলোবাইট মেমোরির সিমকার্ড কিনেছে টেলিটক।এ প্রসঙ্গে সিল্কওয়েজের কর্মকর্তা মো. তুহিন বলেন, ২০০৬ সালে সিল্কওয়েজ প্রতিষ্ঠার পর থেকে তাঁরা টেলিটক, গ্রামীণ, রবি, বাংলালিংক এবং বিভিন্ন পিএসটিএন অপারেটরের সিম সরবরাহ করেছে। দেশীয় প্রতিটি সিমকার্ডের দাম পড়ে প্রায় ৫৬ টাকা। এর মধ্যেই রয়েছে ১৫ শতাংশ ভ্যাট ও ৪ শতাংশ আয়কর। চলতি বছরও তাঁরা টেলিটককে সিম সরবরাহের দরপত্রে অংশ নিয়েছেন।টেলিটকের কামরুজ্জামান জানান, বিদেশ থেকে আমদানি করা প্রতিটি সিমের দাম পড়ে শূন্য দশমিক ৩৭৫ মার্কিন ডলার বা বাংলাদেশি ২৬ টাকা ২৫ পয়সা। এর সঙ্গে শুল্ক ও অন্যান্য কর বাবদ আরও ২৫ টাকা যোগ হয়ে সিমপ্রতি দাম পড়ে ৫১ টাকা ২৫ পয়সা।চার বছরে যেসব কোম্পানির সিম কেনা হয়েছে: জানা যায়, টেলিটক ২০০৭ সালে সিঙ্গাপুরের ইস্টকমপিস স্মার্ট কার্ড কোম্পানি থেকে ৩২ কিলোবাইট মেমোরির এক লাখ সিম আমদানি করে। ওই বছর এবং ২০০৮ সালে চীনের মেসার্স দাতাং থেকে ৩২ কিলোবাইট মেমোরির চার লাখ সিম, ২০০৯ ও ২০১০ সালে চীনের গুয়ানডং চুটিয়ান ড্রাগন স্মার্ট কার্ড কোম্পানি থেকে ৬৪ কিলোবাইট মেমোরির পাঁচ লাখ সিম আমদানি করা হয়। তবে টেলিটকের সবচেয়ে বেশি সিম কেনা হয়েছে মেসার্স সিল্কওয়েজ কার্ড অ্যান্ড প্রিন্টিং লিমিটেড থেকে। এ প্রতিষ্ঠান থেকে ৩২ কিলোবাইট ও ৬৪ কিলোবাইট মেমোরির মোট সাড়ে ১১ লাখ সিম কেনা হয়।