নিজস্ব ভবনের দাবিতে ফিজিওথেরাপি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কলেজ অব ফিজিওথেরাপির নিজস্ব ভবন নির্মাণের দাবিতে আজ রোববার মানবন্ধন করেছেন ফিজিওথেরাপি শিক্ষার্থীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এই মানবন্ধনে অংশ নেন প্রায় দুই শতাধিক ফিজিওথেরাপি শিক্ষার্থী। ফিজিওথেরাপি শেষ বর্ষের শিক্ষার্থী আরিফুর রহমান জানান, ২০০৯ সালে ফিজিওথেরাপি কলেজের নিজস্ব ভবন নির্মাণের জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ সংলগ্ন জায়গায় বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সে সময় স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক উচ্ছেদের ১০ দিনের মধ্যে ফিজিওথেরাপি কলেজের নিজস্ব ভবনের নির্মাণকাজ শুরু করার ঘোষণা দেন। মন্ত্রীর ঘোষণার পর দুই বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু ভবন নির্মাণের কাজ শুরু হয়নি। তিনি বলেন, ঢাকার পঙ্গু হাসপাতালে প্রায় পাঁচ শতাধিক ফিজিওথেরাপি শিক্ষার্থীর জন্য একটিমাত্র শ্রেণীকক্ষ রয়েছে। এ ছাড়া অন্য ক্লাসগুলো করতে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ ও সলিমুল্লাহ মেডিকেল কলেজে ছুটে বেড়াতে হয়। ভবনের কাজ শুরু না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও তিনি জানান। কর্মসূচিতে উল্লেখযোগ্যসংখ্যক নারী শিক্ষার্থী অংশ নেন।