নিজস্ব শিল্প-সংস্কৃতির বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব শিল্প ও সংস্কৃতির বিকাশে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে মাসব্যাপী চতুর্দশ এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বায়নের তীব্র প্রতিযোগিতার এ সময়ে আমাদের দেশের ঐতিহ্য, মানবিক মূল্যবোধ ও সমৃদ্ধ উত্তরাধিকার এক কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন। সময়ের চাহিদার সঙ্গে খাপ খাইয়ে আমাদের শিল্প ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে তুলতে হবে।’ দেশের শিল্পীসমাজ তাঁদের মেধা ও মনন দিয়ে এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশের মাটি-মানুষ ও সংস্কৃতি থেকে মুখ ফিরিয়ে নিয়ে কালজয়ী সৃষ্টি সম্ভব নয়। তবে জানালা বন্ধ রাখা যাবে না; খোলা রাখতে হবে। যাতে সমকালের শিল্প চিন্তা ও মননের অগ্রসরতা সম্পর্কে আমরা জানতে পারি এবং তা থেকে আমাদের নিজস্ব সৃষ্টিতে নতুন মাত্রা যোগ করতে পারি।’শিল্পকলা একাডেমী আয়োজিত চতুর্দশ এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সংস্কৃতিসচিব হেদায়েতুল আল-মামুন, জুরি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রফিকুন্নবী ও শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী।প্রসঙ্গত, এ প্রদর্শনীতে ২৭টি দেশের ১৪৪ জন শিল্পীর ৩০০টি শিল্পকর্ম স্থান পেয়েছে। এঁদের মধ্যে ৪২ জন বাংলাদেশি শিল্পী রয়েছেন। অংশগ্রহণকারী তিন শিল্পীকে গ্র্যান্ড পুরস্কার ও ছয়জনকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের হাতে পুরস্কার তুলে দেন। আগামী ৬ নভেম্বর পর্যন্ত এ প্রদর্শনী চলবে।—বাসস