চতুর্দশ এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন
নিজস্ব ‘শিল্প-ভাষা’ গড়ে তোলার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
নিজেদের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে আরও মনোযোগী হওয়া এবং এর আলোকে নিজস্ব একটি ‘শিল্প-ভাষা’ গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে মাসব্যাপী চতুর্দশ এশীয় দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনীর উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, ‘এই দশকে বিশ্বায়নের তীব্র প্রতিযোগিতার সময়ে আমাদের দেশের ঐতিহ্য, মানবিক মূল্যবোধ ও সমৃদ্ধ উত্তরাধিকার এক কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন। বর্তমানের এই চ্যালেঞ্জ মোকাবিলায় সময়ের চাহিদার সঙ্গে খাপ খাইয়ে আমাদের শিল্প-ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে তুলতে হবে।’ দেশের সাংস্কৃতিক কর্মী ও শিল্পীরা তাঁদের মেধা ও মনন দিয়ে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।শিল্পকলা একাডেমী আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ। বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, চিত্রশিল্পী রফিকুন নবী, সংস্কৃতিসচিব হেদায়েতুল আল-মামুন ও শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। প্রদর্শনীতে এবার ২৭টি দেশের ১৪৪ জন শিল্পীর ৩০০ শিল্পকর্ম স্থান পেয়েছে। এঁদের মধ্যে ৪২ জন বাংলাদেশি শিল্পী রয়েছেন। অংশগ্রহণকারী তিনজন শিল্পীকে গ্র্যান্ড পুরস্কার ও ছয়জনকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের হাতে পুরস্কার তুলে দেন। আগামী ৬ নভেম্বর পর্যন্ত এই প্রদর্শনী চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মাটি-মানুষ ও সংস্কৃতি থেকে মুখ ফিরিয়ে নিয়ে কালজয়ী সৃষ্টি সম্ভব নয়। জানালা বন্ধ রাখা যাবে না, খোলা রাখতে হবে। যাতে সমকালের শিল্পচিন্তা ও মননের অগ্রসরতা সম্পর্কে আমরা জানতে পারি এবং তা থেকে আমাদের নিজস্ব সৃষ্টিতে নতুন মাত্রা যোগ করতে পারি। অন্যরাও আমাদের মহৎ কর্ম দেখে শিখতে পারবে। কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায়, ‘যুক্ত কর হে, সবার সঙ্গে, মুক্ত কর হে বন্ধ’। আমাদের এই আয়োজন দেওয়ার আর নেওয়ার, মেলানোর আর মেলার। শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক জগতে বাঙালির রয়েছে সুমহান ঐতিহ্য। আমাদের রয়েছে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ। আমাদের শিল্পাঙ্গনকে উজ্জ্বল করেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, এস এম সুলতান, পটুয়া কামরুল, শাহাবুদ্দিন প্রমুখ বরেণ্য শিল্পী।প্রধানমন্ত্রী বলেন, অগণিত গুণী শিল্পীর সৃজনশীলতা আর শিল্প-সাধনায় আমাদের চিত্রশিল্প আজ বিশ্ব দরবারে উঁচু মর্যাদার আসনে সমাসীন। তিনি বলেন, আমাদের সরকার সংস্কৃতির বিকাশ ও পৃষ্ঠপোষকতায় শুধু অগ্রণীই নয়, সামগ্রিক উন্নয়ন-কৌশল ও একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্পৃক্ত করতে সদাসচেষ্ট।বাঙালির সামাজিক-রাজনৈতিক জীবনধারা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের যে অসাম্প্রদায়িক চেতনা তার মূলে রয়েছে বাঙালির হাজার বছরের ঐতিহ্য। শিল্পের এই যাত্রাপথে বাংলার অপরূপ প্রাকৃতিক নিসর্গ, গ্রামীণ লোকশিল্পের পাশাপাশি মানুষের জীবন ও কঠিন বাস্তবতা শিল্পীদের প্রভাবিত করেছে। বায়ান্নর ভাষা আন্দোলন, ছেষট্টির ছয়দফা, একাত্তরের মহান মুক্তিযুদ্ধসহ আমাদের সব গণতান্ত্রিক আন্দোলনে এই অসাম্প্রদায়িক চেতনা আমাদের শক্তি জুগিয়েছে। এসব ঘটনা আমাদের শিল্পীদের শিল্পকলা নির্মাণেও উদ্বুদ্ধ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বিগত সরকারের (১৯৯৬-২০০১) আমলে দেশের সংস্কৃতি বিকাশে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতাস্তম্ভকে ঘিরে আমরা সাংস্কৃতিক বলয় নির্মাণের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিএনপি-জামায়াত জোট সরকার তা বন্ধ করে দেয়। আমরা পুনরায় সংস্কৃতির বলয় গড়ে তোলার উদ্যোগ নিয়েছি।সাম্প্রতিককালে বিশ্বের সংঘাত-সংক্ষুব্ধ প্রেক্ষাপটে এই চারুকলা প্রদর্শনী বিশেষ তাৎপর্য বহন করবে বলে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। পরে তিনি ওসমানী স্মৃতি মিলনায়তনে শিল্পকর্ম পরিদর্শন করেন।