নিজাম ডাকাত ‘বন্দুকযুদ্ধে’ নিহত
হাতিয়ার দুর্ধর্ষ নিজাম ডাকাত গতকাল বুধবার দিবাগত রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এ সময় নিজাম ডাকাত ও তাঁর বাহিনীর কাছ থেকে একটি দেশি পিস্তল ও একটি এলজি উদ্ধার করেছে র্যাব।চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন আজ বৃহস্পতিবার সকালে মুঠোফোনে প্রথম আলো ডটকমের কাছে এসব দাবি করেন।মোশারফ হোসেনের ভাষ্য, ‘হাতিয়ার প্রত্যন্ত চরাঞ্চলের ২ নম্বর চানন্দি ইউনিয়নের জাহাইজ্জার চরের নিজাম ডাকাত বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চরজব্বর থানার সেন্টার বাজার নামক স্থানে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।’চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহত নিজামের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন প্রথম আলো ডটকমকে জানান, নিজাম ডাকাত ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ডাকাতি, খুন, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে হাতিয়া থানায় ১৩টি মামলা রয়েছে। হাতিয়া, মনপুরা, রামগতি, সন্দ্বীপ উপকূল ও বঙ্গোপসাগরে দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ডাকাতি করে আসছেন নিজাম।