দশ ট্রাক অস্ত্র আটক-সংক্রান্ত অস্ত্র ও চোরাচালানের দুটি মামলায় সম্পূরক অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।আজ রোববার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে এটি দাখিল করে। এ দুটি মামলায় গত চারদলীয় জোট সরকারের শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরসহ নতুন ১১ জনকে আসামি করা হয়েছে।আসামিদের মধ্যে দুজন পলাতক। তাঁদের একজন হলেন সাবেক অতিরিক্ত সচিব নুরুল আমিন ও অন্যজন হলেন ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক প্রধান পরেশ বড়ুয়া।প্রসঙ্গত, ২০০৪ সালের ২ এপ্রিল অস্ত্রগুলো চট্টগ্রামের ইউরিয়া সার কারখানা (সিইউএফএল) ঘাটে আটক করা হয়। ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয়েছিল বলে বিভিন্ন সাক্ষীর বক্তব্যে জানা গেছে। এ দুটি মামলায় ২৬৫ জনকে সাক্ষী করা হয়।চারদলীয় জোট সরকারের আমলে এ দুটি মামলার তদন্ত দায়সারা গোছের ছিল অভিযোগ করেন তত্কালীন সরকারি কৌঁসুলি আহসানুল হক। তিনি বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের নভেম্বরে এ মামলার অধিকতর তদন্তের জন্য আবেদন করেন। তত্কালীন মহানগর দায়রা জজ এ এন বশিরউল্লাহ (বর্তমানে হাইকোর্টের বিচারপতি) অধিকতর তদন্তের আদেশ দেন। আদেশে তিনি সাক্ষী পর্যবেক্ষণের ভিত্তিতে তদন্ত করতে বলেন। তদন্ত কর্মকর্তা সাতটির মধ্যে ছয়টি বিষয়ের তদন্ত সম্পন্ন করেছেন। তবে ছয়টির মধ্যে একটি বিষয় হলো কোন জাহাজে অস্ত্র আনা হয়েছে, তা বের করা যায়নি।