আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান ও মোল্লাকে ২ আগস্ট হাজিরের নির্দেশ
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে আগামী ২ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।২৬ জুলাই রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল জামায়াতের এই চার নেতাকে গ্রেপ্তারের পরোয়ানা জারির নির্দেশ দেয়। পরোয়ানা জারি কার্যকর হয়েছে কি না, তা পুলিশকে ২ আগস্টের মধ্যে জানাতে বলা হয়।ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের প্রতিনিধি ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের মাধ্যমে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন মামলায় এই চারজন নেতা বর্তমানে জেলে রয়েছেন। এ জন্য পরোয়ানা জারি করা যায়নি। পরে ট্রাইব্যুনাল আগামী ২ আগস্ট সোমবার সকাল ১০টায় জামায়াতের চার নেতাকে হাজির করতে (প্রোডাকশন ওয়ারেন্ট) নির্দেশ দেন।মো. শাহীনুর ইসলাম প্রথম আলোকে জানান, ট্রাইব্যুনাল আগামী ২ আগস্ট চারজনকে হাজির করতে নির্দেশ দিয়েছেন।প্রসঙ্গত, গত ২৯ জুন নিজামী ও মুজাহিদকে এবং ১৩ জুলাই কামারুজ্জামান ও কাদের মোল্লাকে গ্রেপ্তার করা হয়।