নিজামী, মুজাহিদ ও সাঈদী প্রত্যেকে ১৬ দিনের রিমান্ডে
আদালত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে পৃথক পাঁচটি মামলায় প্রত্যেকে ১৬ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার তিনটি আদালত এ আদেশ দেন।২৭ জুন হরতাল চলাকালে পুলিশের কর্তব্যকাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে পল্টন থানায় দায়ের করা তিনটি মামলায় তিন দিন করে প্রত্যেককে নয় দিনের রিমান্ড নেওয়ার আবেদন মঞ্জুর করেন অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন। উত্তরা ষড়যন্ত্রজনিত রাষ্ট্রদ্রোহ মামলায় প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন মহানগর হাকিম ইসমাইল হোসেন। আর হরতাল চলাকালে যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে রমনা থানায় দায়ের রমনা মামলায় প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান।রমনা থানায় দায়ের করা মামলায় সাত দিন করে এবং অন্য চারটি মামলায় ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন গণহত্যার অভিযোগে পল্লবী থানায় করা মামলা এবং কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধা হত্যা মামলায় এই তিন নেতাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।এদিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে করা মামলায় প্রত্যেককে ৫০ হাজার টাকার মুচলেকায় জামিন দেন মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান। পৌঁনে আটটার দিকে নিজামী, মুজাহিদ ও সাঈদী আদালত থেকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে করা মামলায় আদালতে হাজির না হওয়ায় গতকাল আদালতের নির্দেশে মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তার করা হয়। গতকাল বিকেলে রাজধানীর প্রেসক্লাবের সামনে থেকে নিজামীকে, সাভারের নবীনগর এলাকা থেকে মুজাহিদকে এবং শহীদবাগের বাসা থেকে সাঈদীকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের পর থেকে আজ আদালতে নেওয়ার আগ পর্যন্ত তাঁদের মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে রাখা হয়।