নিজামী, মুজাহিদ ও সাঈদীর জামিন আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীর জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্টের তৃতীয় বেঞ্চ। আজ বৃহস্পতিবার বিকেলে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি এ আদেশ দেন।এর আগে ছাত্রশিবিরের হামলায় ফারুক হত্যার ঘটনায় ২০১০ সালের ৯ ফেব্রুয়ারি রাজশাহীর মতিহার থানায় ৩৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়। ওই মামলায় ৩০ জুন এই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় তাঁরা হাইকোর্টে জামিন আবেদন জানালে গত বছরের ২৬ আগস্ট আদালত রুল জারি করেন। আর রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিভক্ত রায় দেওয়া হয়।পরে প্রধান বিচারপতি বিষয়টির নিষ্পত্তি করার জন্য তৃতীয় বেঞ্চে পাঠান। গতকাল বুধবার বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় আসে। শুনানি শেষে আজ বিকেলে আদালত আদেশ দেন।আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক ও তাজুল ইসলাম এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মামলা পরিচালনা করেন।আইনজীবী তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাইকোর্টের দ্বৈত বেঞ্চে একজন বিচারপতি জামিন মঞ্জুর করেছিলেন, তবে অপর বিচারপতি জামিন মঞ্জুর করেননি। বিষয়টি নিষ্পত্তির জন্য তৃতীয় বেঞ্চে আসে। এখানকার বিচারপতি আবেদনটি খারিজ করে দিয়েছেন।