নিজামী, মুজাহিদ ও সাঈদীর বিরুদ্ধে মামলা হাস্যকর: খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন ও সংসদে বিরোধী দলের নেতা খালেদা জিয়া এক বিবৃতিতে বলেছেন, জামায়াতে ইসলামীর শীর্ষ তিন নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসেন সাঈদীকে গ্রেপ্তারের ঘটনা চরম স্বৈরাচারীপন্থায় রাজনৈতিক নিপীড়নের এক জঘন্য নজির। এই তিন নেতার বিরুদ্ধে দায়ের করা মামলাকে শাসক দলের দোসর একটি সংগঠনের হাস্যকর মামলা হিসেবে অভিহিত করেন তিনি।আজ বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে এক বিবৃতিতে বেগম খালেদা জিয়া এ কথা বলেন।বিবৃতিতে খালেদা জিয়া এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতের নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করেন। তিনি সংবিধান ও আইন অনুযায়ী বৈধ সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কার্যক্রমের ওপর থেকে সব ধরনের বিধি-নিষেধ তুলে নেওয়ার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, জামায়াতের সঙ্গে অতীতে বর্তমান শাসক দলের সখ্য ছিল। কিন্তু যখনই বিএনপির রাজনৈতিক কর্মসূচির সমর্থনে জামায়াত এগিয়ে এসেছে, তখনই এ দলটির ওপর আওয়ামী লীগ নির্যাতনের পথ বেছে নিয়েছে।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিবৃতি হুবহু নিচে প্রকাশ করা হলো:দেশের সাম্প্রতিকতম রাজনৈতিক-সামাজিক অবনতিশীল পরিস্থিতিতে সচেতন, শান্তিপ্রিয় ও দেশপ্রেমিক প্রতিটি নাগরিকের মতোই আমিও গভীরভাবে উদ্বিগ্ন।সভ্যতা, গণতন্ত্র ও আইন মেনে চলার মুখোশ খুলে ফেলে সরকার ইতোমধ্যে চরম ফ্যাসিবাদী চেহারায় আবির্ভূত হয়েছে। জাতিকে বিভক্ত এবং দেশকে হানাহানি, অস্থিরতা ও সংঘাতের পথে ঠেলে দিচ্ছে।আমরা গভীর দুঃখের সঙ্গে দেখেছি যে, আওয়ামী লীগ কখনোই গণতান্ত্রিক রীতি-নীতির প্রতি অনুগত থাকেনি। বিরোধী দলে থাকতে তারা দেশে চরম নৈরাজ্য ও হানাহানির পথ বেছে নিয়েছে। জ্বালাও, পোড়াও, ভাঙচুর, হরতাল, অবরোধের নামে তারা অগণিত নিরপরাধ মানুষের জীবন কেড়ে নিয়েছে। লগি-বৈঠা দিয়ে রাজপথে পিটিয়ে মানুষ হত্যা করেছে। রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের জানমালের ব্যাপক ধ্বংস সাধন করেছে। আবার তারা যতবারই ক্ষমতায় এসেছে, গণতন্ত্র ধ্বংস করেছে এবং জনগণের সংবিধান ও আইনসম্মত গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। সংবাদমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে। সংসদকে অকার্যকর করেছে। ভিন্নমতের রাজনৈতিক নেতা-কর্মীদের হত্যা-নির্যাতন ও জেল-জুলুমের মাধ্যমে স্তব্ধ করতে চেয়েছে। হিংস্রতা ও শঠতা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং অপপ্রচার তাদের প্রধান হাতিয়ার।২০০৭ সালে দেশে ফখরুদ্দীন-মইনুদ্দীনের অবৈধ জরুরি সরকার রাজনীতি ও রাজনীতিবিদদের বিরুদ্ধে যে নৃশংস অভিযান চালায়, তারপর আমরা আশা করেছিলাম, দেশের সকল রাজনৈতিক দলের মতো আওয়ামী লীগও গণতন্ত্রের রীতি-নীতির প্রতি শ্রদ্ধাশীল হবে। আমরা আশা করেছিলাম, তারা দায়িত্বশীল আচরণ করবে। আমাদের প্রত্যাশা ছিল, তারা সহনশীলতা, সংযম ও যুক্তির পথে এগোবে। আমরা মনে করেছিলাম, তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং সামাজিক শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে প্রতিযোগী রাজনৈতিক দলগুলোর সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক গড়ে তুলবে। এ ক্ষেত্রে আমার নিজের তরফ থেকে যত দূর সম্ভব ঔদার্য ও সহযোগিতার মনোভাব আমি প্রদর্শন করেছি। বর্তমান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ও রাজনৈতিক বিপর্যয় ও দুঃখের দিনগুলোতে আমি সহমর্মিতা নিয়ে তার পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। কিন্তু ক্ষমতাসীনদের মধ্যে কোনো পরিবর্তন কিংবা সৌজন্য বোধের কোনো লক্ষণই কখনো দেখা যায়নি।পরিবর্তন ও দিনবদলের গালভরা প্রতিশ্রুতি দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় আসার দেড় বছরেও দেশে কোনো ক্ষেত্রে কোনো ইতিবাচক পরিবর্তন দেশবাসীর নজরে আসেনি। বরং জনগণের সমস্যা সমাধানের ক্ষেত্রে সর্বব্যাপী ব্যর্থতা দেশবাসীকে হতাশ, বিপন্ন ও ক্ষুব্ধ করে তুলেছে।এই পটভূমিতে চট্টগ্রামের সদ্যসমাপ্ত সিটি নির্বাচনে ভোটাররা শাসক দলের সব অপচেষ্টাকে নস্যাৎ করে দিয়ে তাদের বিরুদ্ধে ঐতিহাসিক গণরায় প্রদান করেছেন। এরপর চরম জুলুম-নির্যাতন, হুমকি, হামলা ও ভীতিকে উপেক্ষা করে দেশবাসী ২৭ জুন দেশব্যাপী অভূতপূর্ব সাফল্যের সঙ্গে সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালনের মধ্য দিয়ে সরকারের প্রতি অনাস্থার কথা ঘোষণা করেছে। এই দুই বিপর্যয় ক্ষমতাসীনদের পুরোপুরি বেসামাল করে ফেলেছে। তাদের কার্যক্রমে তারই প্রতিফলন ঘটছে।বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জনগণকে প্রস্তুতির জন্য সময় দিয়ে ৪০ দিন আগে হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এই শান্তিপূর্ণ কর্মসূচির পক্ষে জনগণকে সচেতন এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে আমাদের পক্ষ থেকে ব্যাপক গণসংযোগ ও প্রচার অভিযান চালানো হয়েছে। এতে আমরা সাধারণ মানুষের বিপুল সাড়া পেয়েছি। আর তাই পুলিশি হামলা ও তাদের ছত্রছায়ায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা ব্যাপক তাণ্ডব চালিয়ে আমাদের নেতা-কর্মীদের রাজপথে মিছিল করতে বাধা দেওয়া সত্ত্বেও জনগণই হরতাল সফল করেছেন। কারণ তারা দেশের বর্তমান সংকটজনক পরিস্থিতিতে গভীরভাবে উত্কণ্ঠিত। তারা এটাও বুঝেছেন যে, দলীয় স্বার্থে নয়, জনগণের বাঁচা-মরার দাবি আদায়ের জন্যই এই হরতাল আহ্বান করা হয়েছিল।হরতাল উপলক্ষে বিএনপি কোনো ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা বোমাবাজির আশ্রয় নেয়নি। বরং সরকারই হরতালের মতো গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচিতে আক্রমণ চালিয়ে ব্যাপক সহিংসতার আশ্রয় নিয়েছে। এই বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের বিচার দূরে থাক, তাদের দায়-দায়িত্ব গ্রহণ করার কথা অস্বীকার করে সরকার একদিকে তাদের কর্তব্যে অবহেলা করছে, অন্যদিকে দলীয় সন্ত্রাসীদের প্রশ্রয় ও মদদ দিচ্ছে।হরতাল উপলক্ষে সারা দেশে বিপুলসংখ্যক সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতা-কর্মী পুলিশ ও সরকারি সন্ত্রাসীদের হামলায় আহত ও নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি তাদের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি।দেশবাসীর শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি উপলক্ষে হামলা, মামলা ও নির্যাতনের ক্ষেত্র প্রস্তুতের লক্ষ্যে রাজধানীর দু-এক স্থানে রহস্যজনক অগ্নিসংযোগ ও ভাঙচুরের যেসব ঘটনা ঘটানো হয়, তার সঙ্গে বিএনপির কেউ কোনোভাবেই জড়িত নয়। গান পাউডার ছড়িয়ে বাসে আগুন লাগিয়ে পৈশাচিক কায়দায় নাগরিকদের হত্যা করার ব্যাপারে অতীতে যারা পারদর্শিতা দেখিয়েছে, তারাই এ ধরনের নাশকতা ঘটিয়ে থাকতে পারে। নাশকতার এই সব ঘটনায় যারা হতাহত হয়েছেন, আমি তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেই অজুহাতে বিএনপির অসংখ্য নেতা-কর্মীর বিরুদ্ধে শাসক দল মিথ্যা মামলা দিচ্ছে, গ্রেপ্তার করছে। বিএনপি নেতা মির্জা আব্বাস, সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এমনকি শমসের মবিন চৌধুরীর মতো একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সজ্জন প্রবীণ ব্যক্তিকেও গাড়ি ভাঙার মিথ্যা মামলায় আটক রাখা হয়েছে। আমি মির্জা আব্বাস, শমসের মবিন ও এ্যানিসহ আটক সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি।জাতীয় সংসদে প্রতিনিধিত্বশীল, দেশের একটি বৈধ ও প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের তিনজন নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ ও দেলাওয়ার হোসেন সাঈদীকে শাসক দলের দোসর একটি সংগঠনের পক্ষে দায়ের করা এক হাস্যকর মামলায় সরকার হরতালের পর পরই গ্রেপ্তার করেছে। নিম্ন আদালত সেই মামলায় জামিন মঞ্জুর করলে আরও কয়েকটি মিথ্যা মামলায় আটক করে তাঁদের প্রত্যেককে অর্ধ মাসেরও বেশি সময়ের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা চরম স্বৈরাচারী পন্থায় রাজনৈতিক নিপীড়নের এক জঘন্য নজীর।আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তি দাবি করছি, সংবিধান ও আইন অনুযায়ী বৈধ সকল রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কার্যক্রমের ওপর থেকে সকল বিধি-নিষেধ তুলে নেওয়ার আহ্বান জানাচ্ছি।জামায়াতের সঙ্গে অতীতে বর্তমান শাসক দলের সখ্য দেশবাসী বিভিন্ন সময়ে দেখেছে। কিন্তু যখনই বিএনপির রাজনৈতিক কর্মসূচির সমর্থনে জামায়াত এগিয়ে এসেছে, তখনই এ দলটির ওপর আওয়ামী লীগ নির্যাতনের পথ বেছে নিয়েছে। রাজনৈতিক আক্রোশ ও প্রতিহিংসামূলক এ নির্যাতনকে বিবেকবান কোনো মানুষ মেনে নিতে পারে না।হরতালের প্রাক্কালে ঢাকা সিটির ৫৬ নম্বর ওয়ার্ড কমিশনার, বিএনপি নেতা চৌধুরী আলমকে আইন-শৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকধারী সদস্যরা আটক করে নিয়ে গেছে। গত এক সপ্তাহেও তার হদিস পাওয়া যায়নি। আমি সরকারের কাছে জানতে চাই, ‘চৌধুরী আলম কোথায়?’ অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়ার জন্যও আমি দাবি জানাচ্ছি।হরতাল চলাকালে ঢাকায় মির্জা আব্বাসের বাসায় ঢুকে ইউনিফর্ম ও সাদা পোশাকের যে লোকজন পৈশাচিক হামলা চালিয়েছে এবং শিশু ও মেয়েদের পর্যন্ত নির্বিচারে মারধর করেছে দেশবাসী তাদের পরিচয় জানতে চায়। জঙ্গিবাদসহ বিভিন্ন গুরুতর সন্ত্রাস দমনে গঠিত বাহিনী র্যাবকে বর্তমান সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে বর্বরোচিত পন্থায় দমন করার ন্যক্কারজনক কাজে ব্যবহার করছে কি না, সে কৈফিয়তও দেশবাসী চায়।শাহবাগে জাতীয় সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ওপর পুলিশি ছত্রছায়ায় সরকারি দলের সন্ত্রাসীদের সশস্ত্র হামলার দৃশ্য সংবাদমাধ্যমের কল্যাণে দেশবাসী দেখেছে। ওই হামলার ঘটনায় ছাত্রদলের বেশ কয়েকজন মেয়েও গুরুতর জখম হয়েছে। অথচ উল্টো এ্যানিকে গ্রেপ্তার এবং হামলার শিকারদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে মির্জা আব্বাসের বাড়িতে এবং এ্যানির ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।জুলুম-নির্যাতন, খুন, গুপ্তহত্যা, গ্রেপ্তার ও প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে সরকার দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে, এতে আমরা গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে উত্কণ্ঠিত হয়ে পড়েছি। আমরা অবিলম্বে এই পথ পরিহারের আহ্বান জানাচ্ছি। নির্যাতন ও সন্ত্রাস চালিয়ে ক্ষমতায় টিকে থাকা যে সম্ভব নয়, আমি ইতিহাস থেকে সে শিক্ষা গ্রহণের জন্য ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানাচ্ছি। আমি তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে, গণতান্ত্রিক ও উদারনৈতিক রাজনৈতিক শক্তির ওপর দমন-পীড়নের ফলে উগ্রবাদী শক্তির উত্থানের পথই উন্মুক্ত হয়।দেশবাসীর প্রতি আমার আহ্বান, গণতন্ত্র আজ বিপন্ন, দেশ আজ ফ্যাসিবাদ-কবলিত। সাহসের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ পন্থায় এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করুন। দেশপ্রেমিক সকল দল, সংগঠন, শক্তি ও ব্যক্তিকে ঐক্যবদ্ধভাবে দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে এগিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।