নিজামী, সুবহানসহ ১৫ জনের বিরুদ্ধে তথ্য-প্রমাণ মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির আবদুস সুবহান, খেলাফত মজলিসের আমির মো. ইসহাকসহ ১৫ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তথ্য-প্রমাণ পেয়েছে তদন্ত দল। পাবনা সফর শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী প্যানেল ও তদন্ত সংস্থার সদস্যরা আজ সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।গত ৪ নভেম্বর সাত সদস্যের প্রতিনিধি দল পাবনা যায়। সফর শেষে দলটি ৭ নভেম্বর ঢাকা ফিরে আসে। আজ বিকেলে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এ সময় আইনজীবী প্যানেলের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ, প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান, জেয়াদ-আল মালুম ও তদন্ত সংস্থার সদস্য মো. আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে আইনজীবী (প্রসিকিউটর) সৈয়দ হায়দার আলী বলেন, পাবনার ঈশ্বরদী, পাকশী ও সাঁথিয়া উপজেলার কয়েকটি স্থান পরিদর্শন করা হয়েছে। ওখানে সাক্ষীদের বক্তব্যও গ্রহণ করা হয়। তিনি জানান, বধ্যভূমি, নির্যাতন ক্যাম্প যেখানে রাজাকার-আলবদর ও পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা নির্যাতন করে এবং হত্যাযজ্ঞ চালিয়েছে—এমন পাঁচটি স্থান পরিদর্শন করা হয়। এ ছাড়া ৫৫ জন সাক্ষী পাওয়া গেছে। তাঁরা মানবতাবিরোধী অপরাধ সংঘটনের বিষয়ে বলেছেন। ওখানে ৯৭৫ জন মানুষ হত্যা করা হয়। মুক্তিযুদ্ধচলাকালীন সময় ধর্ষণের শিকার হন ৪০ জন নারী। কাদের বিরুদ্ধে অভিযোগ ও প্রমাণ পাওয়া গেছে এ প্রশ্নের জবাবে হায়দার আলী বলেন, নিজামী, মাওলানা সুবহান, মাওলানা ইসহাক ও ইদ্রিস রয়েছেন। সংখ্যা প্রশ্নে তিনি বলেন, এঁরাসহ সম্ভাব্য ১৫ জনের বিরুদ্ধে। ট্রাইব্যুনাল দেলাওয়ার হোসাইন সাঈদীর বিষয়ে ২৩ ডিসেম্বর প্রতিবেদন দিতে বলেছে, এর অগ্রগতি প্রশ্নে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে। তদন্তের অগ্রগতি প্রশ্নে তিনি বলেন, প্রতিবেদন মানে চূড়ান্ত প্রতিবেদন। এটা না হলে পরিস্থিতি বিবেচনা করে অগ্রগতি প্রতিবেদন দেওয়া হবে। তবে আমরা এ ব্যাপারে তত্পর। বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রশ্নে তিনি বলেন, অগ্রগতি ভালো।