জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির আবদুস সুবহান, খেলাফত মজলিসের আমির মো. ইসহাকসহ ১৫ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তথ্যপ্রমাণ পেয়েছে তদন্ত দল। পাবনা সফর করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী প্যানেল ও তদন্ত সংস্থার সদস্যরা গতকাল সোমবার পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান। ৪ নভেম্বর সাত সদস্যের প্রতিনিধিদল পাবনায় যায়। সফর শেষে দলটি ৭ নভেম্বর ঢাকায় ফিরে আসে। এ সময় আইনজীবী প্যানেলের প্রধান (চিফ প্রসিকিউটর) গোলাম আরিফ, প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান, জেয়াদ-আল মালুম ও তদন্ত সংস্থার সদস্য মো. আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে আইনজীবী (প্রসিকিউটর) সৈয়দ হায়দার আলী বলেন, পাবনার ঈশ্বরদী, পাকশী ও সাঁথিয়া উপজেলার কয়েকটি স্থান পরিদর্শন করা হয়েছে। সেখানে সাক্ষীদের বক্তব্যও নেওয়া হয়। তিনি জানান, ১০টি বধ্যভূমি, নির্যাতন ক্যাম্প, যেখানে রাজাকার-আলবদর ও পাকিস্তানি বাহিনীর সদস্যরা নির্যাতন করেছে এবং হত্যাযজ্ঞ চালিয়েছে—এমন পাঁচটি স্থান পরিদর্শন করা হয়। এ ছাড়া ৫৫ জন সাক্ষী পাওয়া গেছে। তাঁরা মানবতাবিরোধী অপরাধ সংঘটনের বিষয়ে তথ্য দিয়েছেন। এসব এলাকায় ৯৭৫ জনকে হত্যা করা হয়। মুক্তিযুদ্ধ চলাকালে ধর্ষণের শিকার হন ৪০ জন। কাদের বিরুদ্ধে অভিযোগ ও প্রমাণ পাওয়া গেছে—জানতে চাইলে হায়দার আলী বলেন, মতিউর রহমান নিজামী, আবদুস সুবহান, মো. ইসহাক ও ইদ্রিস রয়েছেন। অন্তত ১৫ জনের বিরুদ্ধে এ রকম অভিযোগ পাওয়া গেছে। নির্ধারিত সময়ের মধ্যেই দেলাওয়ার হোসাইন সাঈদীর বিষয়ে প্রতিবেদন দেওয়া হবে বলে তিনি জানান। তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে হায়দার আলী বলেন, ‘প্রতিবেদন মানে চূড়ান্ত প্রতিবেদন। এটা না হলে পরিস্থিতি বিবেচনা করে অগ্রগতি প্রতিবেদন দেওয়া হবে। তবে আমরা এ ব্যাপারে তৎপর।’ বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে তদন্তের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ভালো।