আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ব্রিফিং
নিজামী, সুবহানের বিরুদ্ধে হত্যায় সম্পৃক্ততার প্রমাণ মিলেছে
মুক্তিযুদ্ধের সময় পাবনার সাঁথিয়া উপজেলায় গণহত্যা, লুট, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের সঙ্গে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। জামায়াতের নেতা ও সাবেক সাংসদ আবদুস সুবহান, ইসহাক আলীসহ আরও কয়েকজনের বিরুদ্ধেও এসব অপরাধে সম্পৃক্ত থাকার প্রমাণ মিলেছে।মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল গতকাল শনিবার সাঁথিয়ার ডাকবাংলোতে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায়। এর আগে তদন্ত দলের সদস্যরা সাঁথিয়ার বধ্যভূমি ও গণকবর পরিদর্শন এবং মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাক্ষ্য নেন।সাত সদস্যের তদন্ত দলে আছেন, ট্রাইব্যুনালের কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান, সৈয়দ হায়দার আলী, আবদুর রহমান ও আলতাফ হোসেন এবং তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক, জেড এম আলতাফুর রহমান ও এস এম ইদ্রিস আলী।গতকাল সাঁথিয়ার ধূলাউড়ি গ্রামের গণকবর, করমজা গ্রামের বধ্যভূমি ও পাইকরহাটি গ্রামে পকিস্তানি সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের সামনাসামনি যুদ্ধের স্থান পরিদর্শন করে তদন্ত দল। বিকেলে প্রেস ব্রিফিংয়ে সৈয়দ রেজাউর রহমান ও সৈয়দ হায়দার আলী বক্তব্য দেন। তাঁরা জানান, অন্তত ২০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এতে মতিউর রহমান নিজামী, আবদুস সুবহান, ইসহাক আলী, রফিক উন-নবী, আবদুস সাত্তারসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত থাকার প্রমাণ মিলেছে। সাক্ষীদের নিরাপত্তার স্বার্থে তাঁদের পরিচয় জানানো হবে না। তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খান জানান, সাঁথিয়াসহ পাবনার বিভিন্ন এলাকায় মতিউর রহমান নিজামীর নির্দেশে ও পরিকল্পনায় গণহত্যা চালানো হয়েছে বলে অনেকে সাক্ষ্য দিয়েছেন। তদন্ত দল গতকাল সকাল নয়টার দিকে সাঁথিয়ার বাউশগাড়ী গ্রামের বধ্যভূমি পরিদর্শনে যায়। স্থানীয় মুক্তিযোদ্ধারা তদন্ত দলকে জানান, ১৯৭১ সালের ২৭ নভেম্বর রাজাকারেরা ওই গ্রামে ১০-১২ জন মুক্তিযোদ্ধাকে ঘিরে ফেলে তাঁদের নয়জনকে নৃশংসভাবে হত্যা করে। পরে এলাকাবাসী তাঁদের ওই স্থানে গণকবর দেন। ওই দিনের ঘটনায় বেঁচে যাওয়া যুদ্ধাহত একজন মুক্তিযোদ্ধা সাংবাদিকদের জানান, তিনি ওই মুক্তিযোদ্ধা দলে ছিলেন। একটি বাড়িতে রাজাকারেরা তাঁদের ঘেরাও করে ফেলে। সে সময় নিজামী সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘নিজামী তাঁর সঙ্গী রাজাকারদের আমাকে দেখিয়ে হত্যার নির্দেশ দেন। রাজাকারেরা প্রথমে অন্য মুক্তিযোদ্ধাদের গুলি ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করতে থাকে। আমার গলায় বেয়নেট চালানো হলে আমি অচেতন হয়ে পড়ি। কীভাবে বেঁচে গেছি জানি না। জটিল অস্ত্রোপচারের পর গলার অবস্থা কিছুটা ভালো হলেও এখন পর্যন্ত স্বাভাবিকভাবে কথা বলতে পারি না।’বিকেল তিনটার দিকে তদন্তকারী দল করমজা গ্রামের একটি বধ্যভূমি পরিদর্শন করে। সেখানে এলাকাবাসী তদন্ত দলকে জানান, মতিউর রহমান নিজামীর নির্দেশে রফিক উন-নবীর নেতৃত্বে এলাকার রাজাকারেরা ১৯৭১ সালের ৮ মে গ্রামের শতাধিক বাড়িতে হামলা, লুটপাট অগ্নিসংযোগ করে। পরে তদন্ত দল পাইকরহাটি গ্রামে ১৯৭১ সালের ১৯ এপ্রিল মুক্তিযোদ্ধা ও পাকিস্তানি সেনাদের সামনাসামনি যুদ্ধের স্থান পরিদর্শন করে।