নিজামী ও গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১২ ফেব্রুয়ারি নিজামীর বিরুদ্ধে আনা অভিযোগের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। অন্যদিকে ১১ জানুয়ারি গোলাম আযমকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য তাঁর আইনজীবী আবদুর রাজ্জাককে নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন তিনি উপস্থিত না হলে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন ট্রাইব্যুনাল।আজ সোমবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে এসব দিন ধার্য করেন।সকাল সাড়ে ১০টার দিকে নিজামীর বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়। এরপর বেলা ১১টার দিকে মানবতাবিরোধী অপরাধের মামলা বাতিল চেয়ে গোলাম আযমের করা আবেদনের ওপর শুনানি হয়। আবদুর রাজ্জাক শুনানিতে অংশ নিয়ে বলেন, আনুষ্ঠানিক অভিযোগ ফেরত পাঠানোর কোনো নিয়ম ট্রাইব্যুনালের আইনে বা বিধিতে নেই।এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী জিয়াদ আল মালুম মামলা বাতিলের আবেদনের বিরোধিতা করেন। এরপর ট্রাইব্যুনাল আবেদনটি খারিজ করে গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন। এ সময় ট্রাইব্যুনাল আইনজীবী রাজ্জাকের কাছে একটি দিন নির্ধারণ করে দিলে ওই দিন গোলাম আযমকে তিনি ট্রাইব্যুনালে হাজির করতে পারবেন কি না, জানতে চান। রাজ্জাক এতে সম্মতি জানালে ট্রাইব্যুনাল ১১ জানুয়ারি গোলাম আযমের হাজিরের দিন ধার্য করেন।