নিজামী ও মুজাহিদের নির্দেশে বুদ্ধিজীবীদের নির্যাতন করা হতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী মুক্তিযোদ্ধা জহিরুদ্দিন জালাল জবানবন্দিতে বলেছেন, একাত্তরে নিজামী-মুজাহিদের নির্দেশ অনুসারে আলবদর সদস্যরা বুদ্ধিজীবীদের ধরে এনে মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজে স্থাপিত ক্যাম্পে নির্যাতন করতেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল মঙ্গলবার জহিরুদ্দিনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মীর ইকবাল হোসেন। এ সময় আসামির কাঠগড়ায় নিজামী হাজির ছিলেন। জহিরুদ্দিন মুক্তিযুদ্ধকালে বিচ্ছু জালাল নামে পরিচিত ছিলেন।হরতালের কারণে আসামিপক্ষের মাত্র একজন আইনজীবী তারিকুল ইসলাম ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। জ্যেষ্ঠ আইনজীবীদের অনুপস্থিতির জন্য তিনি মামলার কার্যক্রম মুলতবির আবেদন করেন। ট্রাইব্যুনাল তা নাকচ করে বলেন, সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে। পরে আসামিপক্ষ তাঁকে জেরা করবে।জহিরুদ্দিন গত ২০ সেপ্টেম্বর জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মামলায় সাক্ষ্য দেন। ওই মামলা ট্রাইব্যুনাল-২-এ বিচারাধীন।জবানবন্দিতে জহিরুদ্দিন (৫৬) বলেন, মুক্তিযুদ্ধকালে তিনি নবম শ্রেণীতে পড়তেন। তাঁর বাবা আলাউদ্দিন আহমেদ ঢাকায় পুলিশের গোয়েন্দা বিভাগের সুপার (এসপি) ছিলেন। একাত্তরে তাঁরা নিউ ইস্কাটন গার্ডেনে সার্কিট হাউসে থাকতেন। ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাদের গণহত্যার পর তিনি রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে অসংখ্য লাশ পড়ে থাকতে দেখেছেন। তিনি বলেন, একদিন তিনি সার্কিট হাউসে ইসলামী ছাত্র সংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) নেতা নিজামী ও মুজাহিদকে দেখেন। ওই দুজনকে চিনিয়ে দিয়ে তাঁর বাবা তাঁকে বলেন, গোয়েন্দা বিভাগের প্রতিবেদন অনুসারে তাঁরা দুজনই দাঙ্গাবাজ ও বাজে লোক। নির্বাচনে হেরে গিয়ে তাঁরা এখন পাকিস্তানি সেনাদের দালালিতে নেমেছেন। মুজাহিদের বিরুদ্ধে সাক্ষ্যেও তিনি একই কথা বলেছিলেন।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, ত্রিপুরার মেলাগড় বা মতিনগরে তিনি মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ শেষে জুন মাসে সহযোদ্ধাদের সঙ্গে ঢাকায় ফেরেন। ক্যাম্পে তাঁর সঙ্গে ছিলেন বদি, রুমী (শহীদজননী জাহানারা ইমামের ছেলে), জুয়েল, আজাদ, গালিবসহ কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া অসংখ্য ছাত্র। ৩০ আগস্ট ঢাকা গেরিলা বাহিনীর কোম্পানি কমান্ডার আবদুল আজিজের নির্দেশে তিনি ১৯ নিউ ইস্কাটন রোডের ডলি আসাদের বাড়িতে (বর্তমানে বিটিএমসি ভবন) অভিযান চালাতে গিয়ে রাজাকারদের হাতে ধরা পড়েন। রাজাকাররা তাঁকে পাকিস্তানি সেনাদের গাড়িতে তুলে দেয়। তাঁকে তৎকালীন এমপি হোস্টেলে (১১২ পশ্চিম নাখালপাড়া) নেওয়া হয়।জহিরুদ্দিন জালাল বলেন, ওই এমপি হোস্টেলে আটকে রেখে নিজামী ও মুজাহিদ তাঁর কাছে বিভিন্ন তথ্য চান। তথ্য না দিলে নিজামী-মুজাহিদরা তাঁকে (সাক্ষী) নির্যাতন করেন। সেখানে আটক ব্যক্তিদের মধ্যে তাঁর সহযোদ্ধা বদি, জুয়েল, আজাদ, রুমী ও সুরকার আলতাফ মাহমুদও ছিলেন। পরে পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাপ্টেন কাইয়ুমকে নিজামী ও মুজাহিদ বলেন, ৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা ঘোষণার আগেই আটক ব্যক্তিদের মেরে ফেলতে হবে।সাক্ষী বলেন, সার্কিট হাউসে তাঁদের প্রতিবেশী পাঞ্জাবি এডিসি সি এম আফজাল খবর পেয়ে তাঁকে সেখান থেকে উদ্ধার করেন। পরে তাঁর সহযোদ্ধাদের সন্ধান না পাওয়ায় তিনি ধরে নেন, রাষ্ট্রপতির ক্ষমা ঘোষণার আগেই মুজাহিদ-নিজামীরা হয়তো তাঁদের হত্যা করে লাশ গুম করে ফেলেছে। জবানবন্দির শেষ পর্যায়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে মোহাম্মদপুরের ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে (বর্তমানে শারীরিক শিক্ষা কলেজ) ছিল আলবদর বাহিনীর সদর দপ্তর। নিজামী-মুজাহিদরা ওই ক্যাম্পে পাকিস্তানি সেনাদের সঙ্গে বৈঠক করতেন এবং আলবদর সদস্যদের প্রশিক্ষণ দিতেন। প্রশিক্ষণ নিয়ে আলবদর সদস্যরা নিজামী-মুজাহিদের নির্দেশ অনুসারে ঢাকার বিভিন্ন অলিগলি থেকে মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সমর্থক ১৫ থেকে ২৫ বছরের যুবক, বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখকদের ধরে নিয়ে নির্যাতন করত। মুজাহিদের বিরুদ্ধে জবানবন্দিতেও তিনি এসব কথা বলেছিলেন।প্রায় তিন ঘণ্টার জবানবন্দি শেষে জহিরুদ্দিনকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী তারিকুল ইসলাম। আজ বুধবার জেরার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।