নিজামী ও মুজাহিদের বিরুদ্ধে দুই মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জ মডেল থানায় জামায়াতের ১৩ নেতার বিরুদ্ধে দুই মুক্তিযোদ্ধা হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলাটি আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর জন্য ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে বিচারিক হাকিম তৈয়বুল হাসান এ আদেশ দেন।মুক্তিযোদ্ধা মুজ্জাফর আহমেদ ২০০৭ সালে মুখ্য বিচারিক হাকিম আদালতে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ ১৩ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। পরে হাকিম আদালত তৎকালীন কেরানীগঞ্জ থানাকে মামলাটি তদন্ত করে এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দেন। পরে মামলাটি তদন্ত করে সত্যতা পেয়ে এজাহার হিসেবে গ্রহণ করা হয়।এদিকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন গণহত্যার অভিযোগে পল্লবী থানায় করা মামলাটিও গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। সিআইডির করা আবেদনের পরিপ্রেক্ষিতে মুখ্য বিচারিক হাকিম এ কে এম এনামুল হক মামলাটি ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন।