নিজামী ও সাঈদীর বিরুদ্ধে মামলাও পুনর্বিচারের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আরও দুই শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা পুনর্বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল রোববার আবেদন করেছে আসামিপক্ষ। এ নিয়ে এই ট্রাইব্যুনালে বিচারাধীন তিনটি মামলা পুনর্বিচারের আবেদন করল আসামিপক্ষ। আজ সোমবার এসব আবেদনের শুনানি হবে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলা দুটি পুনর্বিচারের আবেদন জমা দেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক। ১৯ ডিসেম্বর তিনি জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মামলাটি পুনর্বিচারের আবেদন করেন। গতকাল ট্রাইব্যুনাল বলেন, তিনটি আবেদন একই ধরনের হওয়ায় এগুলোর শুনানি একসঙ্গে ২৪ ডিসেম্বর (সোমবার) হবে।একই ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুমের অপসারণ চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর করা আবেদনও শুনানির জন্য আজ দিন ধার্য করা হয়েছে। ১৯ ডিসেম্বর সাকা চৌধুরীর আইনজীবীরা এ আবেদন জমা দেন। গতকাল ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী আবেদনটির শুনানি সোমবার করার আরজি জানান। ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে বলেন, আবেদনগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব মামলার কার্যক্রম মুলতবি থাকবে।এদিকে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে গতকাল সাঈদীর বিরুদ্ধে মামলাটি পুনর্বিচারের আবেদনের আইনগত দিক তুলে ধরেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। শুনানিতে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের ৬(৬) ধারা অনুসারে ট্রাইব্যুনালের কাঠামোতে পরিবর্তন এলে বিচারাধীন মামলায় আবার সাক্ষ্য গ্রহণ বা শুনানি করতে ট্রাইব্যুনাল বাধ্য থাকবেন না। কিন্তু আইনের ৬(২এ) ধারায় বলা হয়েছে, ট্রাইব্যুনাল স্বাধীনভাবে বিচারকাজ পরিচালনা করবেন ও ন্যায়বিচার নিশ্চিত করবেন। বিচারপতি নিজামুল হক একটি অস্বাভাবিক অবস্থায় পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এখন দেখতে হবে, তিনি যা রেখে গেছেন তার সবকিছু যদি নেওয়া হয় তবে তা ন্যায়বিচার নিশ্চিত করবে কি না। ট্রাইব্যুনাল যদি সিদ্ধান্ত নেন, বিচারপতি নিজামুল হক যা রেখে গেছেন তার ওপর ভিত্তি করে রায় দেওয়া হবে, তবে তাঁর গ্রহণযোগ্যতা কতটুকু থাকবে, তা ভেবে দেখতে হবে।স্কাইপে আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে কথোপকথনের জের ধরে ওঠা বিতর্কের মুখে ১১ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান বিচারপতি নিজামুল হক। আসামিপক্ষ সেদিনই জানিয়েছিল, তারা এই ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলো পুনর্বিচারের আবেদন করবে। এই ট্রাইব্যুনালে চারটি মামলা বিচারাধীন।তাজুল ইসলামের বিষয়ে আদেশ ১০ জানুয়ারি: এই ট্রাইব্যুনালে জামায়াতের নেতাদের বিরুদ্ধে বিচারাধীন মামলায় আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলামের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের বিষয়ে আদেশের জন্য ১০ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। গতকাল ধার্য দিনে তাজুল ইসলামের পক্ষে তাঁর আইনজীবী মওদুদ আহমদ আবারও ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চান।ট্রাইব্যুনাল আদেশের জন্য দিন ধার্য করলে মওদুদ আহমদ বলেন, ট্রাইব্যুনালের আদেশ অনুসারে তাজুল ইসলাম এজলাসে ঢুকতে পারেন না। তাঁকে যেন এজলাসে ঢোকার অনুমতি দেওয়া হয়। এ সময় ট্রাইব্যুনাল বলেন, আদেশের আগ পর্যন্ত তাজুল ইসলাম এজলাসে উপস্থিত থাকতে পারবেন, তবে তিনি শুনানি করতে পারবেন না।