ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা দুই মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, ঢাকা মহানগর শাখার আমির রফিকুল ইসলাম খান, জামায়াতের নেতা আবু সালেহ ইয়াহিয়া ও শফিকুল ইসলামকে নয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন। এই সময় পর্যন্ত তাঁদের হয়রানি ও গ্রেপ্তার না করতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। গতকাল রোববার নিজামীসহ পাঁচজন আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন জানালে আদালত এ আদেশ দেন। ১৯৭১ সালে হত্যা, লুণ্ঠন, জ্বালাও-পোড়াওয়ের অভিযোগে করা মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর জামিনের মেয়াদ আদালত আগামী রোববার পর্যন্ত বৃদ্ধি করেছেন। আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক, বেলায়েত হোসেন ও সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী মামলা পরিচালনা করেন।মো. সোহরাওয়ার্দী প্রথম আলোকে বলেন, দুই মামলায় পাঁচজনকে আগাম জামিন না দিয়ে আদালত নয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া সাঈদীর বিরুদ্ধে আনা অভিযোগ মানবতাবিরোধী অপরাধের তালিকায় রয়েছে কি না, তা এক সপ্তাহের মধ্যে সরকারপক্ষকে জানাতে বলা হয়েছে। জানা যায়, গত ১৭ মার্চ ছাত্রশিবিরের এক আলোচনা সভায় মহানবী (সা.)-এর সঙ্গে জামায়াতে ইসলামীর আমির নিজামীর তুলনা করা হয়, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে—এই অভিযোগে ২৪ মার্চ রাঙামাটিতে ও ২৫ মার্চ খুলনায় নিজামীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়। এ ছাড়া ১৯৭১ সালে হত্যা ও লুণ্ঠনের অভিযোগে গত বছরের ৮ সেপ্টেম্বর স্থানীয় এক মুক্তিযোদ্ধা বাদী হয়ে পিরোজপুরে সাঈদীর বিরুদ্ধে মামলা করেন। ২৯ মার্চ হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ ৪ এপ্রিল পর্যন্ত সাঈদীর জামিন মঞ্জুর করেন।